পর্ন সাইটে’ ছবি আপলোড করে ‘ধর্ষণের হুমকি’! কড়া পদক্ষেপ নিলেন অভিনেত্রী
সোশ্যাল মিডিয়ায় বারবার ‘ধর্ষণের হুমকি’। অধৈর্য্য হয়ে লালবাজারে গেলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী প্রত্যুষা পাল । এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গত এক বছর ধরে কোনও এক নির্দিষ্ট ব্যক্তি নানা প্রোফাইল থেকে তাঁকে মেসেজ করছেন। মেসেজে তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। শুধু তাঁকেই নয়, তাঁর মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। একটি প্রোফাইল ব্লক করলে অন্য প্রোফাইল থেকে মেসেজ করা হচ্ছে।
তাঁর আরও দাবি, ছবি সুপার ইম্পোজ করে আপলোড করা হয়েছে পর্ন সাইটে। সেই ছবিগুলি বন্ধু, হেয়ার ড্রেসার, মাকেও পাঠানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পুনরাবৃত্তি হলে তিনি সিঁথি থানার দ্বারস্থ হন। সেখান থেকে তাঁকে লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করতে বলা হয়। গত এক বছর ধরে লালবাজারের সাইবার সেল দফতর থেকে বার বার ফিরে আসতে হয়েছে বলে তাঁর অভিযোগ।
রবিবার তাঁর অভিযোগ লালবাজারে জমা পড়ে। এরপরও দুঃসাহস দেখিয়ে অভিনেত্রীর কাছে ধর্ষণের হুমকির মেসেজ আসছে। ইনস্টাগ্রামে তাঁকে ধর্ষণের বর্ণনা দিয়ে মেসেজ করা হচ্ছে বলে তিনি জানান। এই ঘটনায় তিনি তীব্র ক্ষোভপ্রকাশ করেন। পরিচিতের মধ্যে কেউ এই কাণ্ড ঘটাচ্ছে বলে তাঁর অনুমান। পুলিশ এখনও কোনও তদন্ত শুরু করেনি বলেই তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
প্রত্যুষা জনপ্রিয় সিরিয়াল ‘এসো মা লক্ষ্মী’ এবং ‘তবু মনে রেখো’-তে অভিনয় করেছেন। এরপর তাঁর খ্যাতি আরও বাড়তে থাকে। বর্তমানে তিনি এখন জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী।



