ভারতীয় ছবি ‘আরআরআর’ এবং ‘ছেলো শো’ শর্টলিস্টেড হল অস্কারে, আরও ভাল খবরের অপেক্ষায় দেশবাসী

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয়দের জন্য আনন্দের সংবাদ। ৯৫তম অস্কারে শর্টলিস্টেড হয়েছে ভারতীয় অফিশিয়াল এন্ট্রি গুজরাটি ছবি ‘ছেলো শো’, তথ্যচিত্র ‘অল ড্যাট ব্রিদস’, ডকুমেন্টারি শর্ট ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ এবং আরআরআর ছবির গান ‘নাট্টু নাট্টু’। বৃহস্পতিবার অস্কার কমিটি এমনটাই জানিয়েছে ভারতীয় নির্মাতাদের। বুধবার দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস পেশ করে তাদের শর্ট লিস্ট। সে তাকিলায় রয়েছে একাধিক বিভাগ। যেমন ডকুমেন্টারি ফিচার ছবি, ডকুমেন্টারি শর্টফিল্ম, আন্তর্জাতিক ফিচার ছবি, মেকআপ এবং কেশসজ্জা, মিউজ়িক, নেপথ্য সঙ্গীত, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, সাউন্ড এবং ভিজ়ুয়াল এফেক্টস।
পান নলিনের পরিচালনায় তৈরি ‘ছেলো শো’ একটি গুজরাটি ছবি। সিনেমার প্রতি ভালবাসাকে কেন্দ্র করে সৌরাষ্ট্র গ্রামের একটি বাচ্চা ছেলের গল্প এটি। অস্কারে শর্টলিস্টেড হয়ে ছবির নির্মাতারা বলেছেন, “ভারত থেকে যখন আমাদের ছবিটা অফিশিয়ালভাবে অস্কারের জন্য সিলেকটেড হয়, তখনই জানতাম স্পেশ্যাল কিছু হবে। এর জন্য প্রথমেই আমরা ভারতের ফিল্ম ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই।”
এসএস রাজামৌলীর ‘আরআরআর’ ছবির ‘নাট্টু নাট্টু’ গানটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’, ‘টপ গান: মাভেরিক’-এর গানের সঙ্গে। গান যদি মনোনয়ন পায় এবং শেষমেশ অস্কার জেতে তা হলে তা হবে ভারতীয় সিনেমা, তথা সঙ্গীতের জন্য অনন্য সাফল্য।‘আরআরআর’ ছবির ‘নাট্টু নাট্টু’ গানটি তৈরি করেছেন এমএম কিরাবাণী, লিখেছেন কালা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ।



