দূরদৃষ্টি

হাসপাতালে অক্সিজেনের হাহাকারের ছবি দেখে চোখের জল বাঁধ মানছে না

নয়াদিল্লি: করোনার জেরে সারাদেশে ত্রাহিমাম অবস্থা। এরই মধ্যে গোদের ওপর বিষফোঁড়া হিসেবে দেখা দিচ্ছে অক্সিজেনের সংকট। যার ফলে পরিস্থিতি কয়েক গুণ ঘোরালো হয়ে উঠেছে। হাসপাতালে অক্সিজেনের হাহাকারের ছবি দেখে চোখের জল বাঁধ মানছে না। চোখের সামনে অসুস্থ রোগীর যন্ত্রণা দেখতে হচ্ছে পরিজনদের। উপায় নেই।

এই ঘটনার সর্বশেষ যে ছবি প্রকাশ্যে এসেছে তা দিল্লিতে অবস্থিত শান্তি মুকুন্দ হাসপাতালের। হাসপাতালে অক্সিজেন সংকটের কথা বলতে গিয়ে রীতিমতো ভেঙে পড়েন হাসপাতালের সিইও সুনীল সাগর। বৃহস্পতিবার তিনি বলেন, হাসপাতালে আর বড়জোর দু’ঘন্টার অক্সিজেন অবশিষ্ট আছে। চিকিৎসকদের বলা হয়, তাঁরা যেন সব রোগীকে ছেড়ে দেন।

শুধু এই হাসপাতাল না, দিল্লির আরও বৃহস্পতিবারেই অক্সিজেনের জোগান তলানিতে এসে ঠেকে। অক্সিজেনের জন্য কাতর আর্তি শোনা যায়। এ ব্যাপারে কেন্দ্রকে রীতিমতো ভর্ত্সনা করে দিল্লি হাইকোর্ট। সাফ জানানো হয়, হাসপাতালে অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। জীবনের অধিকারের মতো মৌলিক অধিকার রক্ষার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে সরকারের উচিত শিল্পক্ষেত্রে পাঠানো সব অক্সিজেন মেডিক্যাল ব্যবহারের কাছে ফিরিয়ে আনা।

উল্লেখ্য, শিল্প সংস্থানেও অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু সেই প্রয়োজন যে মানুষের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ না, তা স্পষ্ট করে জানিয়েছে হাইকোর্ট। পেট্রলিয়াম, ইস্পাত শিল্পে অক্সিজেনের প্রয়োজন হয়। প্রয়োজনে অক্সিজেন ঘুরিয়ে হাসপাতালে আনতে হবে বলেও জানিয়েছে আদালত।

অন্যদিকে সংক্রমণের ঊর্ধমুখী গতি কিন্তু এখনও অব্যহত। বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২৬৩ জনের। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত হলেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জনে। অ্য়াক্টিভ মামলার সংখ্যা ২৪ লক্ষ ২৮ হাজার ৬১৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ লক্ষ ৯৩ হাজার ২৭৯ জন। এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ১ কোটি ৩৬ লক্ষ ৪৮ হাজার ১৫৯। করোনাকে ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশের ১৩ কোটি ৫৪ লক্ষ ৭৮ হাজার ৪২০ জনকে।

তথ্যসূত্রঃ কলকাতা ২৪×৭

Related Articles

Back to top button