কলকাতায় শীত উধাও নভেম্বরের শেষে ! সামান্য বাড়ল তাপমাত্রা

নিজস্ব সংবাদদাতা : পারদ পতন অব্যাহত ছিল। ভোরে এবং রাতের দিকে রীতিমতো শীত অনুভূত হয়েছে তিলোত্তমায়। আচমকাই শনিবার থেকে ফের চড়ল তাপমাত্রার পারদ। সঙ্গে বেলা গড়ালেই চড়া রোদ।
হাওয়া অফিস আরও জানাচ্ছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে পারদ পতন অব্যাহত থাকবে। যদিও এখনই জাঁকিয়ে শীতের পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একধাক্কায় অনেকটাই নেমেছে পারদ। নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে কনকনে ঠান্ডা পাহাড়ে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে মনোরম আবহাওয়া থাকলেও, বেলা বাড়লে তাপমাত্রা বৃদ্ধিতে অস্বস্তি বাড়তে পারে। যদিও শুষ্ক আবহাওয়াই থাকবে। দিনভর মেঘলা আকাশ থাকবে আজ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে আগামী ৫ দিনের রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।



