কলকাতাজাতীয়জেলারাজ্য

বাতিল হতে চলেছে এখনকার আধার, ডিসেম্বরেই মিলবে নতুন ডিজাইনের আধার, নতুন অ্যাপও

কোনো প্রকার তথ্য চুরি রুখতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত

 

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: নতুন ডিজাইনের আধার কার্ড আসতে চলেছে আগামী ডিসেম্বরেই। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ডে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। এই পরিবর্তন ১ ডিসেম্বর থেকেই কার্যকর হতে পারে বলে সূত্রের খবর। এই পরিকল্পনার আওতায় UIDAI আধার কার্ডের জন্য একটি নতুন নকশা প্রবর্তন করবে। এর মধ্যে থাকবে; উপভোক্তার ছবি এবং একটি QR কোড।

অর্থাৎ নতুন আধার কার্ডে এখনকার মতো উপভোক্তার নাম, ঠিকানা, জন্ম তারিখ বা বায়োমেট্রিক — কোনো তথ্যই থাকবে না।

UIDAI-এর সিইও ভুবনেশ কুমার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘আধার কার্ডের অপব্যবহার রুখতেই নতুন নিয়ম তৈরি করা হচ্ছে। এই নিয়ম কার্যকর হয়ে গেলে কোনও ব্যক্তি বা সংস্থায় আধার কার্ডের ফটোকপি দেওয়া হলেও তার অপব্যবহার বন্ধ করা সম্ভব হবে। ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে, সেটার তথ্য UIDAI -র কাছে থাকবে।”

এমনকী যদি কোনও হোটেল বুকিং বা সিম কার্ড কেনার জন্যও আধার কার্ড ব্যবহার করা হয় সেখানেও এই নিয়ম অপব্যবহার রুখবে।

UIDAI শীঘ্রই একটি নতুন “আধার মোবাইল অ্যাপ” চালু করবে। এই অ্যাপটি আধার ব্যবহারকারীদের ফটোকপি ছাড়াই ডিজিটাল পরিচয় শেয়ার করতে, সমস্ত তথ্য যাচাই করতে এবং কাগজ ছাড়াই ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।

নতুন অ্যাপটির বৈশিষ্ট কী কী?

পরিবারের ৫ জন সদস্যের তথ্য দেওয়া যাবে এই নতুন অ্যাপে। কোনও ঝামেলা ছাড়াই ডিজিটালি আধার কার্ডের তথ্য নিরাপদে শেয়ার করা যাবে। ডেটা সুরক্ষার জন্য একটি “ওয়ান-ক্লিক বায়োমেট্রিক লক এবং আনলক” সিস্টেম থাকবে।

আধার কার্ডে কী কী পরিবর্তন হতে পারে?

নতুন আধার কার্ড- এ অনেক কিছুই বদলে যাবে। এই কার্ডে একটি ছবি এবং একটি QR কোড থাকতে পারে। সঙ্গে একটি নামও প্রিন্টেড থাকবে। QR কোডটি শুধুমাত্র একটি কাস্টম অ্যাপ বা UIDAI-এর টুল ব্যবহার করে স্ক্যান করা যেতে পারে। ছবি ব্যবহার করে আধার যাচাই করার পদ্ধতি ধীরে ধীরে বন্ধ হবে।

কেন এই পরিবর্তনের প্রয়োজন?

আধার কার্ডের এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ নতুন কার্ডের মাধ্যমে অপব্যবহার উল্লেখযোগ্য ভাবে হ্রাস করবে। এই পরিবর্তনটি প্রয়োজনীয় কারণ বারবার আধার কার্ডের ফটোকপি করলে তথ্যের অপব্যবহারের ঝুঁকি বেড়ে যায়।

 

 

 

Related Articles

Back to top button