কলকাতা

তাপমাত্রা কমতে পারে বৃহস্পতিবারের পর, শীতের পথে বাধা সেই নিম্নচাপ

নিজস্ব সংবাদদাতা :‌ নিম্নচাপের প্রভাবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।তবে নিম্নচাপের প্রভাব কাটিয়ে চলতি সপ্তাহেই তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবারের পর তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি অবধি। আর নিম্নচাপের প্রভাব কেটে গেল শীত পড়বে জাঁকিয়ে। জানা গেছে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপের জন্যই প্রভাব পড়েছে রাজ্যের তাপমাত্রায়।

কলকাতায় সোমবারের থেকে মঙ্গলবার তাপমাত্রা কিছুটা নামল। এক ধাক্কায় পারদ নামল ২ ডিগ্রি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। তবে বর্ধমান, আসানসোল, বহরমপুরে রীতিমতো ঠান্ডা পড়ে গিয়েছে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, নিম্নচাপের প্রভাবে কলকাতায় তাপমাত্রা বাড়লেও বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে কলকাতায় সকালে শীতের আমেজ অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠছে। উধাও হচ্ছে ঠান্ডা।

Related Articles

Back to top button