কলকাতা

নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস কলকাতায়

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে এলেন নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সস্ত্রীক তিনি রাজ্যে এলেন নতুন রাজ্যপাল। সকাল সাড়ে দশটা নাগাদ তিনি রাজভবনে এসে পৌঁছন। তাঁর জন্য গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়েছে। বুধবার তাঁর শপথগ্রহণ। প্রথা মেনে নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। কলকাতা বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। নতুন রাজ্যপালকে স্বাগত জানান মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, শশী পাঁজা, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল।

সকাল ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে রাজ্যপালের বিমান অবতরণ করে। তার পরেই তিনি বিমানবন্দর থেকে গাড়িতে রওনা হন। তবে এদিন রাজভবনে আসার পথে কৈখালির কাছে তাঁর কনভয়ের গতি কিছুটা রুদ্ধ হয়। যানজটে কিছুটা হলেও শ্লথ হয় কনভয়ের গতি। এরপর উড়ালপুলে ওঠার পরই তাঁর কনভয়ের গতি বাড়ে। সকাল সাড়ে দশটায় তাঁর কনভয় পৌঁছয় রাজভবনে।

এতদিন রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। কয়েক দিন আগে রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে কেরল ব্যাচের প্রাক্তন আইএএস অফিসার সি ভি আনন্দ বোসকে স্থায়ী রাজ্যপালের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর নিয়োগের চিঠি প্রকাশিত করা হয়েছিল। নোটিসের ঠিক পাঁচ দিনের মাথায় দায়িত্ব নিতে কলকাতায় এসে পৌঁছলেন আনন্দ।

Related Articles

Back to top button