‘চাকরির আড়ালে মোটা টাকার লেনদেন’, বুধবার থেকেই ED-কে তদন্ত শুরুর নির্দেশ হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বুধবার স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আজ (বুধবার) থেকেই এই মামলায় তদন্ত করবে ইডি। নিয়োগ দুর্নীতির পিছনে টাকা লেনদেন হয়েছে বলে পর্যবেক্ষণে এদিন উল্লেখ করেন বিচারপতি। তাঁর দাবি, টাকার লেনদেন ছাড়া এভাবে নিয়োগ হওয়া সম্ভব নয়। গ্রুপ ডি মামলায় আগেই তদন্ত শুরু করেছে সিবিআই। এবার ইডি-কেও সেই মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হল।
লক্ষ্মী টুঙ্গা নামে এক চাকরি প্রার্থীর করা মামলায় বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। মূলত নিয়োগ দুর্নীতিতে টাকার উৎস খুঁজতেই ইডি-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি উল্লেখ করেছেন, এই মামলায় সিবিআই তদন্ত যেমন আদালতের নজরদারিতে চলছে, সেভাবেই চলবে। তবে আর্থিক অপরাধের ক্ষেত্রে তদন্ত করবে ইডি।মামলাকারীদের অভিযোগের ভিত্তিতে ওএমআর শিট খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই মতো এদিন ওএমআর শিটের তথ্য পেশ করা হয় আদালতে। জানানো হয়, ০, ১, ২ পেয়েও চাকরি পেয়েছেন অনেকে। একথা শুনেই বিচারপতি বলেন, ‘এই ম্যানুপুলেশন টাকা ছাড়া সম্ভব নয়। ইডি-কে সব মামলায় যুক্ত করব।’
নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত শুরু হওয়ার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতেই গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল পরিমান নগদ টাকা উদ্ধার হয়েছিল। এরপরই গ্রেফতার করা হয় তাঁদের। এছাড়া প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি ইতিমধ্যেই গ্রেফতার করেছে মানিক ভট্টাচার্যকে। এবার আরও একটি মামলায় তদন্তভার যাচ্ছে ইডি-র হাতে। টাকার লেনদেন হয়েছে কি না, টাকা কার কাছে যেত? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত করবে ইডি।



