হাওড়া স্টেশনের বাইরে থেকে গ্রেফতার একদল বাংলাদেশি, পাকড়াও দালালও

নিজস্ব সংবাদদাতা: হাওড়া স্টেশনের বাইরে থেকে একদল বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। সঙ্গে পাকড়াও করা হয়েছে এক ভারতীয় দালালকেও। গোপন সূত্র মারফত পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। সেই মতো গোলাবাড়ি তানার পুলিশ হাওড়া স্টেশন চত্বরের বাইরে নজরদারি চালাচ্ছিল। আর সেই নজরদারির সময়েই সোমবার সন্ধেয় দুটি গাড়িকে দেখে সন্দেহ হয় পুলিশের।
সেই গাড়ি দুটিকে থামাতেই খোঁজ মেলে ৯ বাংলাদেশি নাগরিকের। সঙ্গে এ দেশের একজন দালালও ছিল। ধৃত বাংলাদেশিদের মধ্যে ছয় জন পুরুষ এবং তিন জন মহিলা। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই বাংলাদেশি নাগরিকদের কাছে এদেশে আসার কোনও বৈধ কাগজপত্র ছিল না। সেই কারণেই দালাল সহ ওই বাংলাদেশিদের দলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই দালালের হাত ধরে বৈধ কাগজপত্র ছাড়াই বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকে পড়েছিল ওই বাংলাদেশি নাগরিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তারা কাজের খোঁজে ট্রেনে চেপে ব্যাঙ্গালুরুতে যাওয়ার পরিকল্পনায় ছিল। কিন্তু কোনও কাগজপত্র দেখাতে না পারায় গোলাবাড়ি থানার পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ওই বাংলাদেশি নাগরিকদের দফায় দফায় জেরা করা হচ্ছে। ধৃতরা কীভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে এই রাজ্যে ঢুকে পড়ল? কোন এলাকা থেকে তারা ভারতে প্রবেশ করেছে? সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।
আগামিকাল (মঙ্গলবার) ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। এতজন বাংলাদেশি নাগরিককে হাওড়া থেকে গ্রেফতার করা পুলিশের জন্য একটি বড় সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।প্রসঙ্গত, ভারত – বাংলাদেশ সীমান্তের অনেকটা এলাকা কাঁটাতার নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশ সীমান্তের সঙ্গে এমন কাঁটাতারবিহীন এলাকা প্রায় ৫৩৮ কিলোমিটার। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে প্রায় ৩৭৫ কিলোমিটার কাঁটাতারবিহীন অংশ। অর্থাৎ, মোট ৯১৩ কিলোমিটার অংশ কাঁটাতারবিহীন। বিএসএফ-এর হিসেবে এমনই তথ্য।



