‘গঙ্গা আরতি’ নিয়ে আড়াআড়ি দুই ফুল, সৌমিত্রর আরতিতে ‘ভুল’ ধরাল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা: গঙ্গা আরতিকে কেন্দ্র করে রাজ্যে বিতর্ক অব্যাহত। টানাটানি চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। কিছুদিন আগেই রাজ্য বিজেপির তরফে যে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছিল, তাতে পুলিশ অনুমতি দেয়নি। পুলিশি অনুমতি ছাড়াই কর্মসূচি পালন করতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড তৈরি হয়েছিল কলকাতায়। আটক করা হয়েছিল বিজেপির একাধিক নেতাকেও।
এদিকে মুখ্যমন্ত্রী পরের দিনই আবার গঙ্গা আরতির জন্য প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা পুরনিগমকে। এই নিয়েই জোর রাজনৈতিক তরজা চলছে। আর এরই মধ্যে সৌমিত্র খাঁ’র গঙ্গা আরতির একটি ভিডিয়ো টুইট করে তৃণমূল। তৃণমূলের দাবি, যেভাবে সৌমিত্র গঙ্গা আরতি করছেন, সেটি ভুল পদ্ধতি। ঘড়ির কাঁটার উল্টোদিকে হাত ঘুরিয়ে গঙ্গা আরতি করা হচ্ছে বলে দাবি তৃণমূলের।
সেচ ও জল দফতরের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “সৌমিত্র খাঁ যে গঙ্গা আরতি করেছেন, সেটি পুরোটাই উল্টো। এটি আসলে এক ধরনের অবমাননাকর। সুকান্ত মজুমদার বলেছিলেন, বিজেপি গঙ্গা আরতি করলে রাজ্য সরকার অনুমতি দেয় না। এই গঙ্গা আরতি করে সৌমিত্র খাঁ প্রমাণ করে দিয়েছেন, সুকান্তবাবু মিথ্যা কথা বলছেন।”
যদিও তৃণমূলের ওই টুইটের পাল্টা দিয়েছেন সৌমিত্র খাঁ। সংস্কৃত একটি স্তোত্রের একাংশ উদ্ধৃত করে তিনি লিখেছেন, ‘শ্রদ্ধাই ধর্ম, ধর্মই শ্রদ্ধা।’ সঙ্গে লিখেছেন, “যাঁরা পুজোর মানেই জানে না, তাঁরা আর কীভাবে এসব জানবে।”
গঙ্গা আরতিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ার দৃশ্য এর আগেই দেখা গিয়েছে। বারাণসীর আদলে কলকাতার বিভিন্ন ঘাটে গঙ্গা আরতি করার ভাবনার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই বাজেকদমতলা ঘাটে পুলিশি অনুমতি ছাড়াই বিজেপি কর্মসূচি পালন করতে গেলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল।
এবার শুরু হয়েছে টুইট ও পাল্টা টুইটের পালা। গঙ্গাআরতির পদ্ধতিগত ত্রুটির কথা তুলে ধরা হচ্ছে, পাল্টা জবাবও আসছে। ভক্তিতে কোন দল কতটা এগিয়ে, সেটাই যেন বোঝানোর চেষ্টা চলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



