খাস কলকাতায় অ্যাপ নির্ভর বাইকে ভয়াবহ অভিজ্ঞতা

নিজস্ব সংবাদদাতা: শুধু চার চাকার গাড়িই নয়, এখন অ্যাপের মাধ্যমে বুকিং করা যায় মোটর বাইকও। সেই বাইকে যাত্রী নামাতে গিয়ে ভোরের দিকে বিপাকে পড়লেন এক চালক। চালককে মারধর করে তাঁর বাইক ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেন এক যুবক। এরপর পুলিশ এসে চালককে উদ্ধার করেন। অভিযোগ দায়ের হয় থানায়। তারই ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের হাতে ধরাও পড়েন অভিযুক্ত। দমদম থানা এলাকায় শুক্রবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। তখনও দিনের আলো ফোটেনি। দমদম থানায় খবর যায় জেশপ কারখানার সামনে এক যুবক পড়ে রয়েছেন। ঘটনাস্থলে যান কর্মরত এক সাব ইন্সপেক্টর। গিয়ে ওই যুবককে উদ্ধারও করেন। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ওই যুবককে সঙ্গে সঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
আহত ২৩ বছর বয়সী ওই বাইক চালক জানান তাঁর নাম সৌমেন ঘোষ। অ্যাপ নির্ভর সংস্থার অধীনে কাজ করেন তিনি। বাইকে যাত্রী গন্তব্যে দিয়ে আসেন। ঘটনার দিন মাঝরাতে তাঁর কাছে একটি বুকিং আসে। বুকিংয়ে বলা হয়, জেশপ কারখানার সামনে পূর্ব কমলাপুরে যাবেন যাত্রী। সৌমেনের অভিযোগ, যাত্রীকে নামিয়ে টাকা নেওয়ার সময় হঠাৎই ওই যাত্রী তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। ফলে গুরুতর জখম হন। এরপরই তাঁর বাইক ও মোবাইল নিয়ে চম্পট দেন ওই যুবক।
এরপরই আহতের বাড়িতে খবর দেওয়ার পাশাপাশি দমদম থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ যেমন খতিয়ে দেখেন, তেমনি ওই অ্যাপনির্ভর সংস্থার সঙ্গে যোগাযোগ করে। তদন্তকারী দল গঠন করে দমদম থানার সাব ইন্সপেক্টর বিভিন্ন সূত্র ধরে তল্লাশি শুরু করে। তদন্তে তারা ওই অ্যাপ নির্ভর সংস্থার মাধ্যমে বাইক বুক করা অভিযুক্তর ফোন নম্বর এবং নাম সংগ্রহ করে। সেই সূত্র ধরেই টাওয়ার লোকেশনের মাধ্যমে শেষমেষ দমদম সাঁপুইপাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। নাম তুষার চৌধুরী। তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া বাইকটিও উদ্ধার করে পুলিশ। শনিবার অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।



