কেউ কাজ করছিলেন জমিতে, কেউ বিক্রি করছিলেন ফল; তীব্র গরমে মৃত ৪

হায়দরাবাদ: গ্রীষ্মের দাবদাহে জ্বলছে দেশের প্রায় একাধিক রাজ্য। বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় মৌসম ভবন। তেলঙ্গানার বেশ কয়েকটি জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছিল। এবার এই তাপপ্রবাহের জেরেই তেলঙ্গানায় মৃত্যু হল চারজনের। ক্রমেই বেড়ে চলেছে পারদ। এই পরিস্থিতিতে যতটা সম্ভব ঘরেই থাকার পরামর্শ দিয়েছেন মৌসম ভবনের আধিকারিক ও স্বাস্থ্য আধিকারিকরা। এর পাশাপাশি রোদে বের হলে মুখ, কান, গলা ঢেকে বেরোনোর কথা বলা হয়েছে।
গত দু’দিনে তেলঙ্গানার প্রায় চারটি জেলায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়েছে। আর ১০ জেলায় তাপমাত্রা ৪৩ সেলসিয়াস ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে তেলঙ্গানায় মৃত্যু হল চার বাসিন্দার। জানা গিয়েছে, আদিলাবাদ জেলার ২ জন হিটস্ট্রোকে মারা গিয়েছেন। বাকি দু’জন মাঞ্চেরিয়াল ও ওয়ারাঙ্গালের বাসিন্দা। তাঁদের দু’জনের মৃত্যুর কারণও হিটস্ট্রোক।
আদিলাবাদে এস লিঙ্গাইয়া নামে ৭০ বছর বয়সী এক কৃষক ক্ষেতে প্রখর রোদে কাজ করতে করতে মারা যান। নির্মলে ৪৫ বছরের পি রাজেশ্বর পুকুরের ধারে মানরেগার প্রকল্পের কাজ করছিলেন। সেই সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মানচারপালে ৫৫ বছর বয়সী ফল বিক্রেতা এল শ্রীনিবাসও হিট স্ট্রোকে মারা গিয়েছেন।
সঙ্ঘের কাজকর্মের উপর নজরদারি করতে সিপিএম-র বিশেষ দল
ওয়ারাঙ্গালে ৬৭ বছর বয়সী ফল বিক্রেতাও হিট স্ট্রোকে মারা গেছেন বলে জানা গিয়েছে। এদিকে আধিকারিকরা জানিয়েছেন, এ সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ১৭ এপ্রিলের পর রাজ্যে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফলে পরের সপ্তাহেই তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে পারেন বাসিন্দারা।



