কলকাতা
ভোটের শেষবেলায় অসুস্থ হয়ে পড়লেন কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র
নিজস্ব প্রতিবেদন: আজ সাতসকালে নিজের নির্বাচনী এলাকায় একটি বুথে ঢুকতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বাঁধার মুখে পড়েছিলেন। পঞ্চম দফার ভোটের শেষবেলায় অসুস্থ হয়ে পড়লেন কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র। আচমকা প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। আপাতত মদন মিত্রকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এদিন পঞ্চম দফায় ভোট ছিল কামারহাটিতে। পরনে সাদা কুর্তা-পাজামা, চোখে সানগ্লাস। সকাল থেকে এলাকার বিভিন্ন বুথে ঘুরছিলেন মদন মিত্র। কামারহাটির ১২ নম্বর বুথে তৃণমূল প্রার্থীকে আটকান কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। পরিচয়ই শুধু নয়, পকেটে কী আছে, তাও জওয়ানরা জানতে চান বলে অভিযোগ। মদনের জবাব ছিল, অ্যাটম বোম! এরপর তাঁর পকেটেও হাত দেওয়া হয় বলে অভিযোগ। এরপর মদন মিত্র নিজেই পকেট থেকে ‘মা কালীর ৪ রূপের’ একটি ছবি বের করে দেখান ও গজগজ করতে করতে বেরিয়ে যান।



