কলকাতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ( Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা

নিউজডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ( Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মূলত করোনা ভ্যাকসিন, অত্যাবশ্যকীয় ওষুধ ও পর্যাপ্ত অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে দু’পাতার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী।

এমনিতে বিধানসভা ভোটের আবহে ফের করোনা দাপটে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ। শনিবার নতুন করে কোভিড-১৯ (Covid-19) আক্রান্তের সংখ্যা আট হাজার ছুঁইছুঁই। চিঠিতে রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা তুলে ধরেছেন মমতা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অনিয়মিত টিকা সরবরাহের জন্যই রাজ্য ভুগতে হচ্ছে বলে চিঠিতে সাফ জানিয়েছেন তিনি।

মমতা লিখেছেন, , গত ২৪ ফেব্রুয়ারি করোনা টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি। চিঠিতে অনুরোধ জানিয়েছিলেন, বিভিন্ন বেসরকারি কোম্পানির কাছ থেকে টিকা কিনে রাজ্যের মানুষকে তা দেওয়ার অনুমতি দেওয়ার। কিন্তু সেই চিঠির জবাব এখনও পাওয়া যায়নি বলে এ বারের চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে ৫.৪ কোটি টিকা প্রয়োজন।

পাশাপাশি করোনা চিকিৎসার পর্যাপ্ত ওষুধ এবং অন্যান্য বিষয়ে সমস্যার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী ওষুধের অপ্রতুলতার কথা জানিয়েছেন। টসিলিজুমাব ও রেমডেসিভরের মতো ওষুধ পর্যাপ্ত নেই বলে জানিয়েছেন তিনি। লিখেছেন, এই মুহূর্তে ১০০০ শিশি টলিসিজুমাবের প্রয়োজন। প্রয়োজন ৬০০০ শিশি রেমডিসিভর।

একই সঙ্গে রোগীর চিকিৎসায় পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ প্রসঙ্গে তিনি লিখেছেন, সেইল (SAIL) অক্সিজেনের জোগান দিচ্ছে ঠিকই। কিন্তু কেন্দ্রকে নিশ্চিত করতে হবে যেন সরবরাহে কোনো ঘাটতি না ঘটে।

তাৎপর্যপূর্ণ ভাবে রাজ্যে ভোটের প্রচারে ভিন রাজ্য থেকে আসা নেতানেত্রীদের মাধ্যমে সংক্রমণ বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি অনুরোধ করেছেন, ভোটপ্রচারে ‘বহিরাগত’-দের আগমন যেন নিয়ন্ত্রণ করা হয়।

তথ্য সুত্র:খবর অনলাইন

Related Articles

Back to top button