কমিশনেরই দুই কর্তা রাজ্যের পরস্থিতি বিচার করে শেষ ২ দফার ভোট এক দিনে করানোর প্রস্তাব
ওয়েবডেস্ক: দেশে করোনা সংক্রমণ বাড়ছে। নির্বাচনের জেরে এই পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের। তাই শেষ তিন দফার নির্বাচন এক দিনে করানোর দাবি জানিয়েছিল রাজ্যের তৃণমূল সরকার। সেই দাবি খারিজ করেছে কমিশন। তবে এবার কমিশনেরই দুই কর্তা রাজ্যের পরস্থিতি বিচার করে শেষ ২ দফার ভোট এক দিনে করানোর প্রস্তাব দিলেন।
সূত্রের খবর, রাজ্যের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দুই বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে এবং অজয় নায়েক কমিশনকে এই প্রস্তাব দিয়েছেন। দুই পর্যবেক্ষক জানিয়েছেন, রাজ্যে ভোটের কাজে নিযুক্ত ২৫ জন কমিশন কর্মী ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যের ২ প্রার্থী করোনায় মারাও গিয়েছেন। সেই ২ কেন্দ্রের ভোট পিছিয়ে গিয়েছে। তাই এই দুই আধিকারিকের মতে, শেষ দুই দফার ভোট এক দিনে হওয়া উচিত।
দুবে এবং নায়েক নাকি এও মনে করেন, যে করোনার মধ্যে নির্বাচন পরিচালনা করা সহজ নয়। এই পরিস্থিতিতে অতিরিক্ত বাহিনীও চেয়েছেন তাঁরা। পঞ্চম দফার নির্বাচনের আগে কলকাতায় সর্বদল বৈঠক করেছিল কমিশন। সেখানে রাজ্যের শাসকদল এক দিনে তিন দফার বৈঠক করার প্রস্তাব দেয়। এই প্রস্তাব খারিজ করে কমিশন প্রচারের সময় বেঁধে দেয়।
কিন্তু কেন প্রস্তাব মানেনি, তা যদিও কমিশন বলেনি। তবে সূত্রের খবর, তিন দফার ভোট একদিনে করার মতো বাহিনী কমিশন মোতায়েন করতে পারবে না। তাই এই সিদ্ধান্ত। ২২ তারিখ ষষ্ঠ দফার ভোট। ২৬ এবং ২৯ এপ্রিল শেষ দুই দফার। এর মধ্যে সিদ্ধান্ত না নিলে শেষ দুই দফার ভোটও কি একদিনে সম্ভব? প্রশ্ন থেকেই যাচ্ছে।
তথ্যসূত্রঃআজকাল



