কলকাতা

রাজ চক্রবর্তী সকাল থেকেই বেরিয়ে পড়েছেন বুথ পরিদর্শনে

ওয়েবডেস্ক:‌করোনা আবহেই রাজ্যে চলছে ভোটগ্রহণ পর্ব। ষষ্ঠ দফায় ৪ জেলার ৪৩ আসনে চলছে ভোট। ব্যারাকপুর আসনে এবার তৃণমূলের প্রার্থী টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী। হেভিওয়েট কেন্দ্র ব্যারাকপুরে চলছে ভোট। আর ভোটের দিন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী সকাল থেকেই বেরিয়ে পড়েছেন বুথ পরিদর্শনে। ভোটকে কেন্দ্র করে ব্যারাকপুরের কোনও বুথে গোলমাল হচ্ছে কিনা সে বিষয়েও কড়া নজর রাখছেন রাজ চক্রবর্তী।

রাজ বলেন, ব্যারাকপুরের মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। প্রথমবার ভোটে লড়লেও ব্যারাকপুরে জয়ের বিষয়ে আমি ১০০ শতাংশ নিশ্চিত। আমাদের পার্টির কর্মী–সমর্থকরা খুব ভালো কাজ করছেন, পরিশ্রম করছেন। আমাকে জেতাতে তাঁরা বদ্ধপরিকর। প্রচারের সময় যেভাবে মানুষ আমার পাশে ছিল তা থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে আজকের সিনেমা পুরো হিট করে গেছে। ট্রেলার থেকেই আভাস পেয়ে গেছিলাম। কম করে ৩৫ হাজার ভোটে জয় পাব। যদিও তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তীর কথাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। তৃণমূল ব্যারাকপুরে প্রার্থী খুঁজে পায়নি বলেই বাইরে থেকে রাজকে এনে প্রার্থী করেছে।

তৃণমূলের প্রতি ব্যারাকপুরের মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। তাই ব্যারাকপুরে তৃণমূলের হার নিশ্চিত। বিজেপির সঙ্গে রয়েছেন এখানকার মানুষ। ব্যারাকপুরে এবার বিপুল ভোটে বিজেপি জিতছে বলেই জানালেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিজেপি নেতারা। আপাতত মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই চলছে ব্যারাকপুরের ভোটগ্রহণ পর্ব। কমিশনের কড়া নজরদারিতে ব্যারাকপুরে চলছে ভোট। ব্যারাকপুরে নিরাপত্তায় মোতায়েন রাখা হয়েছে ১০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

তথ্যসূত্র:আজকাল

Related Articles

Back to top button