কলকাতা

অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি রুখতে বিশেষ টিম তৈরি করল কলকাতা পুলিশ।

স্টাফ রিপোর্টার, কলকাতা: দেশজুড়ে অক্সিজেনের আকাল৷ রাজ্যেও কালঘাম ছুটছে একটা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে৷ এই সঙ্কটকালে শহরে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি রুখতে বিশেষ টিম তৈরি করল কলকাতা পুলিশ। একইসঙ্গে ওষুধের কালোবাজারিও রুখবে এই টিম।

অক্সিজেন সঙ্কটের সুযোগ নিয়ে কিছু দোকানদার ইচ্ছামতো দাম হাঁকাচ্ছেন৷  সুযোগ বুঝে চড়া দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছে বলে পুলিশের কাছে অভিযোগ এসেছে। অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারির খবর পাওয়ার পরই কড়া হচ্ছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার এক কর্তা জানান, শহরে অক্সিজেনের কালোবাজারি সম্পূর্ণ বন্ধ করতে ইবির পক্ষ থেকে তৈরি হয়েছে একটি বিশেষ টিম। এই টিমে রয়েছেন ৮ জন ইবির গোয়েন্দা আধিকারিক ও পুলিশকর্মী।

কলকাতার বিভিন্ন অঞ্চলে অভিযান চালাতে শুরু করেছে এই টিম। যে ওষুধের দোকানগুলি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে, সেগুলির তালিকা তৈরি হচ্ছে। কোনও দোকানের গোডাউনে অতিরিক্ত সংখ্যক অক্সিজেন সিলিন্ডার মজুত করা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আবার কোনও দোকানে যদি মজুত না করা থাকে, তবে সরবরাহের ঘাটতি রয়েছে কি না, সেই বিষয়টিও জানার চেষ্টা করছে এনফোর্সমেন্ট শাখার এই বিশেষ টিম।অক্সিজেন সিলিন্ডার কালোবাজারির চেষ্টা কেউ করলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ইনটেলিজেন্স ব্রাঞ্চের আধিকারিকরা।

অক্সিজেন সঙ্কটের কথা জানিয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য৷ ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই মুহূর্তে ২০০ মেট্রিক টন করে অক্সিজেন পাচ্ছে রাজ্য। কিন্তু চাহিদা বাড়ছে দ্রুত। রাজ্যের জন্য বরাদ্দ রয়েছে ৪৫০ মেট্রিক টন অক্সিজেন। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দ অক্সিজেন যেন অন্যত্র না পাঠানো হয়।

এদিন দুপুরে কলকাতা পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, অক্সিজেন দ্রুত রোগীর কাছে পৌঁছে দিতে গ্রিন করিডর করছে কলকাতা পুলিশ। এই জন্য দু’টি নম্বর দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। নম্বর দুটি হল- ০৩৩২২৫০৫০৯৬/০৩৩২২১৪৩৬৪৪। এই নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে ফোর্স।

তথ্যসূত্রঃ কলকাতা ২৪×৭

Related Articles

Back to top button