প্রথমবার বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী
কলকাতা : রাজ্যে করোনা (Corona) সংক্রমণ ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে । এই পরিস্থিতিতে এবার নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। তাঁর স্ত্রী ও কন্যা ভোটের লাইনে দাঁড়ালেও নিজেকে চিকিৎসকের পরামর্শে এবার গৃহবন্দী রাখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে তাঁর শরীর আপাতত সুস্থ থাকলেও এবারে ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত তাঁকে নিতে হয়েছে বলে সিপিএম সূত্রে জানা গেছে । এই প্রথমবার বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দলের তরফে নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছে বুদ্ধদেববাবুর ভোট নেওয়ার আবেদন জানানো হয়েছিল। তবে বুদ্ধদেববাবুর বয়েস ৮০ বছর না হওয়ায় নির্বাচিত কমিশন সেই ব্যবস্থা করতে পারেনি।
বুদ্ধবাবু যাতে ভোট দিতে পারেন সেজন্য আগেই কমিশনের কাছে আবেদন করেছিল পার্টি। কমিশনের কাছে দলের পক্ষ থেকে পাম এভিনিউর বাড়িতে গিয়ে ভোটগ্রহণের আবেদন করা হয়। কিন্তু বুদ্ধবাবুর বয়েস যেহেতু আশির নিচে তাই ভোটগ্রহণ করতে অস্বীকার করে কমিশন। তখনই সিদ্ধান্ত হয় শরীর ভাল থাকলে ভোটকেন্দ্রে গিয়ে নিজের অধিকার প্রয়োগ করবেন তিনি। কিন্তু দিন যতো যাচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতির ততই অবনতি হচ্ছে। তাই সবদিক বিবেচনা করে বুদ্ধবাবুকে চিকিৎসকরা ভোট দিতে যেতে মানা করেছেন। বালিগঞ্জ কেন্দ্রের সিপিএম (CPM) প্রার্থী চিকিৎসক ফুয়াদ হালিম নিজেও চান না বুদ্ধবাবু ভোট দিতে বুথে যান। তিনি এই প্রসঙ্গে বলেন, “পার্টির শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে বলতে পারবেন। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে আমি ব্যক্তিগতভাবে চাই না উনি বাড়ির বাইরে বেরোন।” তার সঙ্গে একমত আলিমুদ্দিনের সিংহভাগ নেতৃত্ব
এদিকে প্রতিদিনই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে প্রতিদিনই নতুন নতুন পদক্ষেপ করতে হচ্ছে রাজ্য সরকারকে। বাকি দুই দফার নির্বাচনের আগে বেশকিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। প্রচারে সংযত করা হয়েছে রাজনৈতিক দলের নেতাদের । এরমধ্যেই আজ সপ্তমদফা নির্বাচনের কলকাতার চারটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন । ভোটগ্রহণ হচ্ছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার । অসুস্থতার কারণে গত লোকসভা নির্বাচনেও ভোটের লাইনে তখন দেখা যায়নি। স্ত্রী মীরা ভট্টাচার্য ও কন্যা সুচেতনা ভোট দিলেও ভোট দিতে যাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার আগের তুলনায় কিছুটা সুস্থ থাকলেও করোনা পরিস্থিতির জন্য ভোট দিতে পারলেন না বুদ্ধবাবু।
তথ্যসূত্র: কোলকাতা ২৪×৭



