বৈষ্ণবনগর কেন্দ্রে ভোট স্থগিতের নির্দেশ দিল নির্বাচন কমিশন।
ডেস্ক: কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত প্রার্থীদের তালিকা যেন ক্রমশ লম্বা হচ্ছে। করোনা সংক্রমিত হয়ে সোমবার রাতে মারা গিয়েছেন বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষ। ওই কেন্দ্রে ভোট স্থগিতের নির্দেশ দিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল অষ্টম তথা শেষ দফায় ভোটগ্রহণ হওয়ার কথা ছিল বৈষ্ণবনগরে। কিন্তু প্রার্থীর মৃত্যুতে আপাতত তা স্থগিত রাখা হল বলে মঙ্গলবার নির্দেশিকা জারি করে জানিয়ে দিল কমিশন। যদিও আগামীতে কোন দিন এই কেন্দ্রে ভোট হবে, তা এখনও জানানো হয়নি।
আট দফার ভোট শেষে ২ মে ভোটগণনা। ফলে তার আগে বৈষ্ণবনগরে ভোট হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এর আগে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সামসেরগঞ্জের দুই প্রার্থীর মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। সামসেরগঞ্জে কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনায় মারা গিয়েছেন। এই দুই কেন্দ্রে ১৩ মে ভোটগ্রহণের কথা ঘোষণা করেছে কমিশন।
এর পরে খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা মারা গিয়েছেন কোভিড ১৯ -এ। ২৩ এপ্রিল থেকে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। রবিবার সকাল ন’টা পয়ঁতাল্লিশ নাগাদ তৃণমূল প্রার্থীর মৃত্যু হয়।
তথ্যসূত্রঃখবর অনলাইন



