রাজভবনে সকাল পৌনে এগারোটা নাগাদ শপথ নেবেন মমতা
কলকাতা, 5 মে :রাজভবনে সকাল পৌনে এগারোটা নাগাদ শপথ নেবেন মমতা ৷ এরপর সোজা চলে যাবেন নবান্নে ৷দেশ ও রাজ্যের উদ্বেগজনক করোনা পরিস্থিতির মধ্যে আজ তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনা পরিস্থিতির কারণে জয় উদযাপন করা হয়নি ৷ একই কারণে শপথগ্রহণ অনুষ্ঠানেও থাকছে না আড়ম্বর ৷
শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা ৷ আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে ৷ আমন্ত্রণ গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাছেও। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে আমন্ত্রণ জানালেও তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবে কি না সে বিষয়ে সন্দেহ থাকছে বলে সূত্রের খবর।
দলের তরফে অনুষ্ঠানে থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । এছাড়া সাংসদ হিসাবে উপস্থিত থাকবেন দেব এবং শতাব্দী । আমন্ত্রণ করা হয়েছে বিসিসিআইয়ের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়কে । এছাড়াও বুধবারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কলকাতায় থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে। আমন্ত্রণ করা হয়েছে ইস্টার্ন কমান্ডকেও। যেহেতু করোনা বিধি মেনে খুব অল্প মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে, তাই বাছাই করা ব্যক্তিত্বরাই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন।
কঠোর কোভিড প্রটোকলের মধ্যে আজ একাই শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলের বাকি বিধায়করা 6 মে থেকে শপথ নেবেন ৷ সকাল 10টার পর বাড়ি থেকে রাজভবনের উদ্দেশে রওনা দেবেন ৷ শপথগ্রহণের পর রাজভবনে আয়োজিত চা চক্র অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷ এরপর চলে যাবেন নবান্নে ৷ নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সেজে উঠেছে নবান্ন ৷ সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে ৷ আজই রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে প্রথম বৈঠকটি করবেন তিনি ৷



