রাজ্যের ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি কোয়াক ডাক্তারকে করোনা চিকিৎসার জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী
ওয়েবডেস্ক: করোনা পরিস্থিতিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি কোয়াক ডাক্তারকে করোনা চিকিৎসার জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে অবশ্য তাদের কোয়াক বা হাতুড়ে ডাক্তার বলতে রাজি নন মুখ্যমন্ত্রী। এদের নতুন নাম দেওয়া হবে ‘স্বাস্থ্য সুরক্ষা বন্ধু’। পাশাপাশি এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের রাজ্যে করোনা চিকিৎসার জন্য নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যার ফলে রাজ্যে ২ হাজারের বেশি ডাক্তার ও নার্সের জোগান বাড়বে বলে জানান তিনি।
এছাড়াও রাজ্যের ১০৫ টি হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানো হবে বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। যেখানে পরিবেশের বাতাস থেকে অক্সিজেন তৈরি করা হবে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় এই প্লান্ট বসানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি জানান, রাজ্যে কোভিড বেড প্রায় ৪০ শতাংশ বাড়ানো হচ্ছে।
ভিনরাজ্য থেকে কেউ এলে তাদের কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। সেই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতারা কেন এখনও এখানে রয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কেন তারা এলেও কোনও করোনা হাসপাতাল দেখতে যাচ্ছেন না তা নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
তথ্যসূত্র:আজকাল



