রাজ্যপালই যত নষ্টের গোড়া: তৃণমূল সমর্থক
ডেস্ক: দুপুর পর্যন্ত নিজাম প্যালেসে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইটবৃষ্টি, দুপুরের পর রাজভবনে তৃণমূলের বিক্ষোভ। নেতামন্ত্রীদের গ্রেফতারের পর রাজ্য জুড়ে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলকর্মীরা।রাজভবনের উত্তর, দক্ষিণ এবং পূর্ব গেটের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বেশির ভাগ মানুষের ভিড় ছিল রাজভবনের উত্তর গেটের সামনে। সেখানে প্রথমে রাস্তার উপরে বসে পড়েন তৃণমূল কর্মীরা। পরে সেখান থেকে সরে গেটের সামনে বসেন তাঁরা। কেউ কেউ রাজভবনের গেট বেয়ে উঠে দলীয় পতাকা লাগানোর চেষ্টাও করেন।
সোমবার ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরেই নিজাম প্যালেসে ধরনা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কিছুক্ষণ পরেই রাজভবনের একাধিক গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা।
তার আগে অবশ্য নিজাম প্যালেসে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল। এ দিন বেলা গড়াতেই রণক্ষেত্রের চেহারা নেয় নিজাম প্যালেসের সামনের রাস্তা। বিক্ষোভের মধ্যেই ধস্তাধস্তি শুরু হয় কেন্দ্রীয় বাহিনী ও তৃণমূল সমর্থকদের মধ্যে। বিক্ষোভকারীরা ইট বৃষ্টি শুরু করলেন বাহিনীকে লক্ষ্য করে।
বিক্ষোভকারীদের একজন সাংবাদিকদের বলেন, ‘‘ধৃত ৪ জনকে নিঃশর্তে মুক্তি দিক সিবিআই। না হলে যত ক্ষণ না অভিযুক্তদের ছাড়া হবে, তত ক্ষণ আমরা বিক্ষোভ দেখাব। তাতে যত রাত হয় হোক। রাজ্যপালই যত নষ্টের গোড়া।’’
নিজাম প্যালেসে এই বিক্ষোভের খবর পেয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখর। মমতার নাম উল্লেখ করে তাঁর টুইট, “আপনাকে আমার অনুরোধ, সংবিধান মেনে চলুন। আইন ভাঙবেন না।” এই বিক্ষোভের জন্য কলকাতা এবং রাজ্য পুলিশের ‘নিষ্ক্রিয়’ ভূমিকাকেই দায়ী করেন তিনি।



