কলকাতা

সিবিআইয়ের সাব-ইন্সপেক্টর পদে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর :-
সিবিআইয়ের সাব-ইন্সপেক্টর পদে চাকুরী পাইয়ে দেবার নাম করে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগে ধৃত এক যুবক। প্রতারনার শিকার বরানগর থানার শরৎ চন্দ্র ধর রোডের বাসিন্দা শিয়ালদহ ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী বিশ্বজিৎ চ্যাটার্জি ও ইন্দ্রা চ্যাটার্জি। রবিবার সন্ধেতে বরানগর থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ বরানগর ন’পাড়া থেকে প্রতারক কৃশানু মন্ডলকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ২০১৫ সালের জুলাই মাসের দিকে বাবাকে সঙ্গে নিয়ে বরানগর ন’পাড়ার বাসিন্দা কৃশানু মন্ডল আইনজীবী বিশ্বজিৎ বাবুর সেরেস্তায় এসেছিল বাড়ি রেজিস্ট্রি করার জন্য। তৎকালীন সময়ে কৃশানু জানিয়েছিল, বেসরকারি ডিশান হাসপাতালে চাকুরী করে। পরবর্তীকালে কৃশানু আইনজীবীর বাড়িতে যাতায়াত শুরু করে।

অভিযোগ, একটা আই কার্ড দেখিয়ে নিজেকে সিবিআইয়ের অফিসার দাবি করেছিল কৃশানু। এমনকি আইনজীবী দম্পতিকে সিবিআইয়ের সাব-ইন্সপেক্টর পদে চাকুরী পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছিল ওই যুবক। ধাপে ধাপে ওই যুবক মোট ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। গত পাঁচ মাস ধরে ওই যুবক আইনজীবী দম্পতিকে পাত্তা দিচ্ছিল না। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে রবিবার সন্ধেয় বরানগর থানায় অভিযোগ দায়ের করে আইনজীবী দম্পতি। ওইদিন গভীর রাতে পুলিশ প্রতারক কৃশানু মন্ডলকে গ্রেপ্তার করেছে।

Related Articles

Back to top button