ভবঘুরে, পথশিশু, দিব্যাঙ্গদের ফল-মিষ্টি উপহার বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ-র

নববারাকপুর :বছরের শুরুতে ভবঘুরে, পথশিশু ও দিব্যাঙ্গদের ফল, মিষ্টি বিতরণ করল বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ। স্বনামধন্য এই সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী জানালেন—বছর শুরুর প্রথম দিনে প্রতি বছর গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়। এবছরও তার অন্যথা হয়নি। গীতা যজ্ঞে ভক্তদের আনা যে সমস্ত ফল ও মিষ্টি সংগৃহিত হয়েছিল সেগুলিই সোমবার সকালে নববারাকপুরে সহ পার্শ্ববর্তী অঞ্চলের রাস্তার পাশের ভবঘুরে, পথশিশু, দিব্যাঙ্গ এবং গরীব মানুষের মধ্যে উপহার স্বরূপ বিতরণ করা হয়েছে।
রাস্তায় ঘুরে ঘুরে ৭২ জন মানুষের হাতে নতুন বছরের এই উপহার তুলে দেওয়া হয়েছে। পুষ্টিকর এই খাদ্য উপহারের তালিকায় ছিল দুটো কলা, দুটো আপেল, কমলালেবু, বেদানা, পেয়ারা, শশা এবং মিষ্টি। উল্লেখ্য বিগত সালের ডিসেম্বর মাসের প্রথমেই সাত দিনব্যাপী সেবাকার্য করে সেবা সপ্তাহ পালন করেছিল বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ।



