কলকাতা

কাজ শুরু শপথগ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে, টুইট রাজ্যপালের নয়া বিলে সই করে

নিজস্ব সংবাদদাতা: বাংলার নতুন রাজ্যপালের মসনদে বসেছেন সি ভি আনন্দ বোস। একদিন আগেই হয়েছে শপথগ্রহণ অনুষ্ঠান। শপথের দিনেই দিয়েছেন উন্নয়নের বার্তা। দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কাজও শুরু করে দিলেন নতুন রাজ্যপাল। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (পরিচয়) (সংশোধন) বিল ২০২২-এ সই করলেন তিনি। সূত্রের খবর, সেপ্টেম্বর মাসে এই বিল পাশ হয় বিধানসভায়। তারপর থেকে তা ছিল রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায়। যদিও যখন এই বিল পাশ হয় তখন রাজ্যের অস্থায়ী রাজ্যপালের দায়িত্বে ছিলেন লা গণেশন। তিনিও তাঁর সময়কালে কিছু বিলে সই করলেও এই বিলটির ক্ষেত্রে মেলেনি রাজভবনের সবুজ সংকেত। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত এসসি, এসটি শংসাপত্রের জন্য একবার আবেদন করা যেত। উচ্চতর কর্তৃপক্ষ সেই আবেদন খারিজ করলে আবেদনের সুযোগ ছিল না। নয়া এই বিলের হাত ধরে এবার খারিজের পরে আরও একবার আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, বছর পোহালেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই তার সলতে পাকানোও শুরু হয়ে গিয়েছে। চড়ছে রাজনীতির পারদ। অন্যদিকে ২০২৪ সালে আবার রয়েছে লোকসভা ভোট। ইতিমধ্যেই দেশের রাষ্ট্রপতি পদেও এসেছে বড় বদল। দেশ পেয়েছে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। মসনদে বসেছেন দৌপদী মুর্মু। রাষ্ট্রপতি পদে তিনি বসার পর থেকেই আদিবাসী সমাজের মন পেতে আসরে নেমে পড়েছে মমতা। সেখানে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (পরিচয়) (সংশোধন) বিল ২০২২ এর হাত ধরে ঘাসফুল শিবির আদিবাসীদের মন জিততে পারে কিনা এখন সেটাই দেখার।

 

Related Articles

Back to top button