মমতার ১৪ তলার ঘরে কী আলোচনা? শুভেন্দুকে জানিয়ে গেলেন অমিত শাহ

নিজস্ব সংবাদদাতা: নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব নির্ধারিত সেই বৈঠকের পর নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়েছিলেন অমিত শাহ। প্রায় ১৭ মিনিট সেখানে ছিলেন অমিত শাহ। একান্ত আলাপে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে যখন জোর চর্চা চলছে… সেই সময় মমতার ঘরে অমিত শাহ কী কী বিষয়ে কথা বলেছেন, তা খোলসা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন অমিত শাহ নবান্ন থেকে বেরোনোর পর তাঁকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন শুভেন্দু অধিকারীরা। বিরোধী দলনেতার দাবি, সেই সময় অমিত শাহর সঙ্গে দেড়-দুই মিনিট কথা বলার সুযোগ পেয়েছিলেন শুভেন্দু। সেই সময় অমিত শাহর কাছে শুভেন্দু জানতে চেয়েছিলেন, কী বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তাঁর কথা হয়েছে।
শুভেন্দু অধিকারী বললেন, অমিত শাহ তাঁকে জানিয়েছেন প্রথমে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে অ্যাজেন্ডা অনুযায়ী আলোচনা হয়েছে। এরপর একান্ত আলাপে সীমান্তরক্ষী বাহিনীর প্রসঙ্গ উঠে এসেছে বলে দাবি শুভেন্দুর। বললেন, “বিএসএফ-এর ৭২টি চৌকির জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না। বিএসএফ এবং রাজ্য পুলিশের আরও নিবিড় সংযোগের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর চেম্বারে অমিত শাহ অনুরোধ করেছেন, যাতে সীমান্তরক্ষীকে সম্পূর্ণভাবে রাজ্য সরকার সহযোগিতা করে। কারণ, পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা জাতীয় স্বার্থে ভারতের জন্য খুব মূল্যবান।”
প্রসঙ্গত, এদিন সকালে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকেও সীমান্তরক্ষী বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে জটিলতা সংক্রান্ত বিষয়টি উঠে এসেছিল বলে সূত্রের খবর। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বৈঠকের শুরুতেই সব রাজ্যের প্রতিনিধিদের উদ্দেশে বার্তা দিয়ে দিয়েছিলেন, সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সহযোগিতা করার জন্য। উল্লেখ্য, এদিন নবান্নে বৈঠক চলাকালীন সভাঘরের বাইরে থেকে দেখা গিয়েছে বিএসএফের ডিজি কথা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই সময় মাঝেমধ্যে কথা বলছিলেন অমিত শাহও।



