স্ত্রী’র সঙ্গে সংসার করতে চেয়ে স্ত্রী’র বাড়ির সামনে ধর্নায় বসল স্বামী
বালুরঘাট, ৩০ ডিসেম্বর: স্ত্রী’র সঙ্গে সংসার করতে চেয়ে স্ত্রী’র বাড়ির সামনে ধর্নায় বসল স্বামী। শুধুমাত্র ধর্না নয় বিয়ের এবং প্রেমের একাধিক প্রমাণপত্র ও নথি দেওয়ালে লাগিয়ে ধরনায় বসে স্বামী। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের জিতাহার এলাকায়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। যদিও পুলিশি হস্তক্ষেপেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ধর্না থেকে যুবককে এক চুলও নড়াতে পারেনি। তার সাফ কথা স্ত্রীকে না পেলে সেখানেই সে আত্মঘাতী হবে। এদিকে সমস্যার সমাধান না হওয়ায় পরে পুলিশি ঘটনাস্থল থেকে চলে যায়। যদিও এবিষয়ে যুবতী বা তার পরিবারের কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি।
জানা গেছে, স্বামীর নাম অরূপ বর্মন। বাড়ি বালুরঘাট ব্লকের অমৃতখন্ড(মালঞ্চা) এলাকায়। পেশায় সে রাজমিস্ত্রি। প্রায় চার বছর আগে অরূপের সঙ্গে অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের জিতাহার এলাকার এক যুবতীর বিয়ে হয়। তবে অনুষ্ঠান করে নয় বিয়ে হয়েছিল রেজিস্ট্রি করে।


