রাজ্যগুলির জন্য বিনামূল্যে ভ্যাকসিন চেয়ে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার
রাজ্যগুলির জন্য বিনামূল্যে ভ্যাকসিন চেয়ে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার
অনলাইন ডেস্ক: সারা দেশে অভিন্ন টিকা নীতি থাকতে হবে এবং প্রত্যেক রাজ্যকেই বিনামূল্যে টিকা দিতে হবে, এমনই কিছু আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
একেকটা সংস্থা ভ্যাকসিনের জন্য একেক রকম দাম নির্ধারণ করেছে কেন্দ্র, রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালের জন্য। দামের এই বৈষম্য দূর করে রাজ্যগুলির জন্য তা বিনামূল্যে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি টিকার জোগান বাড়ানোর আর্জিও জানিয়েছে রাজ্য।
হলফনামায় রাজ্য বলেছে, “রাজ্যগুলি ভ্যাকসিনের দাম নিয়ে আলাদা ভাবে আলোচনা ও দরকষাকষি করতে পারে না। রাজ্যগুলি ভ্যাকসিনের জন্য অর্থ বরাদ্দ করতে বাধ্য হবে। ইতিমধ্যেই বিপর্যস্ত হয়েছে স্বাস্থ্য পরিকাঠামো”। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সোমবার থেকেই টিকাকরণ সংক্রান্ত বিষয়ে শুনানি শুরু হবে।
এই সপ্তাহের শুরুতে, সুপ্রিম কোর্ট ভ্যাকসিনের দাম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিল এবং কেন্দ্রকে ভ্যাকসিন নীতির পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছিল। তা না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত, ১ মে থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরুর ঘোষণা হতেই ভ্যাকসিনের পৃথক দাম নিয়ে অভিযোগ জানিয়েছে পশ্চিমবঙ্গ-সহ অনেক রাজ্য।
কোভিশিল্ডের উৎপাদক সংস্থা সেরাম জানায়, তাদের তৈরি ভ্যাকসিনের প্রতি ডোজ ৪০০ টাকায় রাজ্য সরকার এবং ৬০০ টাকায় বেসরকারি হাসপাতালগুলি কিনতে পারবে। আরেক সংস্থা ভারত বায়োটেক ঘোষণা করে তাদের তৈরি কোভ্যাক্সিনের প্রতি ডোজ রাজ্য সরকার ৬০০ টাকায় এবং বেসরকারি হাসপাতাল ১,২০০ টাকায় কিনতে পারবে। পরে অবশ্য বিভিন্ন স্তরের সমালোচনার পরে দাম কমায় উভয় সংস্থাই। যদিও তা কেন্দ্রীয় সরকারের জন্য নির্ধারিত দামের থেকে অনেক বেশি।
সূত্র:খবর অনলাইন



