নোয়াপাড়ায় বিজেপির ভাঙন, তৃণমূলে যোগ দুই কাউন্সিলর-সহ পাঁচ শতাধিক
, 
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- নোয়াপাড়া কেন্দ্রে ভাঙন গেরুয়া শিবিরের। বুধবার এই কেন্দ্রের গারুলিয়া পুরসভার দুই বিদায়ী বিজেপি কাউন্সিলর ও পাঁচ শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ইছাপুর আনন্দমঠ সি ব্লকে রক্তদান শিবিরের মঞ্চে তাদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দিলেন নৈহাটি ও নোয়াপাড়া কেন্দ্রের বিধায়ক যথাক্রমে পার্থ ভৌমিক ও মঞ্জু বসু।
এদিনের যোগদান পর্বে হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, গারুলিয়ার তৃণমূলের কার্যকারী সভাপতি পঙ্কজ দাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূলে যোগ দিয়ে গৌতম বসু বলেন, ওই দল সম্মান মেলেনি এবং মানুষের জন্য কাজ করার সুযোগও পাইনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন মূলক কর্মযজ্ঞে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, বিধানসভা নির্বাচনের আগে থেকেই ওরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছিল।
এমনকী ওরা নির্বাচনে সহযোগিতাও করেছিল। প্রসঙ্গত, গৌতম বসু ও অশোক সিং-কে তৃণমূলে না নেওয়ার জন্য পোষ্টার পড়েছিল। তাছাড়া ওদেরকে তোলাবাজ ও দাঙ্গাবাজ আখ্যা দিয়ে পোস্টার সাঁটানো হয়েছিল। এই বিষযে পার্থ ভৌমিক বলেন, ওরা ওদের বিরুদ্ধে পোস্টার মেরেছে, তারা দলের কেউ নয়।



