রাজ্য

আন্দোলনের জোর বাড়াচ্ছে তৃণমূল, গিরিরাজের সাক্ষাৎ না পেলে দিল্লিতে ধরনায় বসতে পারেন অভিষেক

নয়া দিল্লি : কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ইতিমধ্যেই ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিল্লির রাস্তায় ধরনায় বসতে পারেন অভিষেক! ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে এবার কেন্দ্রের ওপর আরও চাপ বাড়াচ্ছে তৃণমূল। বুধবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে দেখা করতে চান তৃণমূল সাংসদেরা। দেখা না পেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধরনায় বসতে পারেন সাংসদেরা। সাড়ে ১১ টায় মন্ত্রীর দফতরের সামনে যাবেন সাংসদেরা। কখন মন্ত্রী সময় দেবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এখনও পর্যন্ত সময় দেওয়া হয়নি। ইতিমধ্যেই দলীয় সাংসদদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন অভিষেক। এরপরই বুধবারের কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১০০ দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগ নতুন নয়। আগেই মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে বিভিন্ন সময় সাক্ষাৎ করেছেন তৃণমূলের সাংসদেরা। এবার আরও বৃহত্তর কর্মসূচির পথে হাঁটছে তৃণমূল। কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে গত ২৯ ও ৩০ মার্চও কলকাতায় দু-দিন ব্যাপী ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ধরনামঞ্চে সামিল ছিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে আন্দোলনের জোর বাড়াচ্ছে তৃণমূল।

 

 

কাটা ফল খেয়ে ডায়ারিয়া, আক্রান্ত ৩০ জন, ১৫ জন ভর্তি হাসপাতালে

 

 

উল্লেখ্য, ১০০ দিনের কাজের টাকা না এলেও গ্রামোন্নয়ন খাতে কেন্দ্রের টাকা সম্প্রতি এসেছে রাজ্যে। পঞ্চদশ অর্থ কমিশনের ৯৭৯ কোটি টাকা পেয়েছে রাজ্য। গ্রামীণ উন্নয়ন খাতে সেই টাকা খরচ করতে হবে। মূলত পঞ্চায়েত সমিতি , গ্রাম পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে টাকা বরাদ্দ করে থাকে কেন্দ্রীয় সরকার। সেই টাকাই বরাদ্দ করা হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গকে নয়, আরও একাধিক রাজ্যকে এই বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এরাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে এই অর্থ বরাদ্দ করার বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে।

 

Related Articles

Back to top button