ডোমকলের লড়াইয়ে ‘ট্রাম্প কার্ড’ কি কামরুজ্জামান মন্ডল? জোর জল্পনা তৃণমূলে

নিউজ সারাদিন:আগামী বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরেই শুরু হয়েছে প্রার্থী নির্বাচন নিয়ে জোর আলোচনা। বর্তমান রাজনৈতিক সমীকরণ এবং সংগঠনের ভেতরের বাস্তবতা বিচার করলে, ডোমকলের তৃণমূল টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডলের নামই ক্রমশ জোরালো হয়ে উঠছে সম্ভাব্য প্রার্থী হিসেবে।
দলীয় সূত্রে খবর,তাঁকে প্রার্থী করা হলে বিরোধী শিবির থেকে বড়সড় ভাঙন ঘটার সম্ভাবনাও তৈরি হতে পারে। বিশেষ করে কংগ্রেসের অন্তত পাঁচ থেকে সাতজন ব্লক স্তরের নেতা তাঁদের সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগ দিতে পারেন বলে দাবি স্থানীয় সংগঠনের একাংশের। সারাংপুর ৫ নম্বর অঞ্চল থেকেই কয়েকশো কর্মী-সমর্থক দলবদল করতে পারেন বলেও ইঙ্গিত মিলছে।
একই সঙ্গে দলের অভ্যন্তরীণ সমীকরণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রাক্তন বিধায়ক জাফিকুল ইসলামের বিরোধী শিবিরের নেতাদের একাংশও কামরুজ্জামান মন্ডলের সম্ভাব্য প্রার্থিতাকে সমর্থন জানাতে আগ্রহী বলে জানা গিয়েছে। এতে দীর্ঘদিনের সাংগঠনিক বিভাজন অনেকটাই কমে গিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের পরিবেশ তৈরি হতে পারে বলে মত রাজনৈতিক মহলের।
তবে দলীয় অন্দরেই অন্য একটি আশঙ্কার কথাও শোনা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যদি বর্তমান বিধায়কের পরিবারের কাউকে—প্রার্থী করা হয়,তাহলে তা ভোটের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে। মাঠপর্যায়ের একাধিক রিপোর্টে এই সিদ্ধান্তকে “রিস্কি জোন” বলে উল্লেখ করা হয়েছে বলে দাবি দলীয় সূত্রের।অন্যদিকে, সম্ভাব্য প্রার্থী হিসেবে সামিম শেখ ওরফে রুবাইয়ের নামও আলোচনায় উঠে এলেও তাঁর উল্লেখযোগ্য সাংগঠনিক ভিত্তি বা শক্ত রাজনৈতিক কাঠামোগত সংযোগ বর্তমানে স্পষ্ট নয় বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
বর্তমান রাজনৈতিক সমীকরণ,সাংগঠনিক সমর্থন এবং সম্ভাব্য দলীয় ঐক্যের প্রশ্ন বিবেচনা করলে, কামরুজ্জামান মন্ডলের নামই ডোমকল বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে ক্রমশ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে শেষ পর্যন্ত দলীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।



