রাজ্য

সায়গলের কাছেও পৌঁছে যেত চাকরি বিক্রির টাকা! প্রয়াত বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

কলকাতা : নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছেন দুই বিধায়ক, সিবিআই হেফাজতে আরও এক। রাজ্য সরকার তথা শাসক দলের অস্বস্তি বাড়ানোর জন্য যা যথেষ্ট। এরই মধ্যে তৃণমূলেরই এক প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। টাকা নিয়ে নাকি চাকরি দিতেন মুরারইয়ের প্রয়াত বিধায়ক আব্দুর রহমান ওরফে লিটন! শিক্ষক থেকে আইসিডিএস- বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হত চাকরি! এমনই অভিযোগ সামনে আনলেন তাঁরই একসময়ের আপ্ত সহায়ক গোলাম রসুল। তাঁর হাত দিয়েই সেই টাকা নেওয়া হত বলে দাবি করেছেন গোলাম।

কত টাকা নেওয়া হত? কী ছিল রেট?

গোলাম রসুলের দাবি, বিধায়ক হওয়ার পর প্রথম দিকে কেউ চাকরি চাইতে এলে ফিরিয়ে দিতেন আব্দুর রহমান। পরের দিকে, তিনি নাকি চাকরিপ্রার্থীদের পাঠিয়ে দিতেন বিভাস অধিকারীর কাছে। যোগাযোগ করিয়ে দিতেন অনুব্রত মণ্ডলের সঙ্গেও। তারপর আস্তে আস্তে রেট চার্ট তৈরি হয়ে বলে দাবি ওই ব্যক্তির।

তিনি জানিয়েছেন, ৮-১০ লক্ষ টাকা করে রেট ধার্য ছিল। বিধায়ক ও তাঁর স্ত্রীও টাকা তুলতেন। টাকা হাতে নিতেন না বিধায়ক। টাকা তাঁর হাত দিয়েই নেওয়া হত বলে দাবি গোলামের। চাকরির খোঁজে প্রতিদিন নাকি লিটনের অফিসে আসতেন বহু মানুষ।

হাইস্কুলে চাকরির জন্য ১৬ লক্ষ, প্রাথমিকের চাকরির জন্য ১০ লক্ষ, গ্রুপ সি পদের জন্য ৬ লক্ষ, গ্রুপ ডি পদের জন্য ৫ লক্ষ, আইসিডিএসের জন্য ২-৩ লক্ষ, চুক্তিভিত্তিক নিয়োগের জন্য ১-৩ লক্ষ টাকা নিতে বলে দাবি আপ্ত সহায়কের।

 

 

আপনি কি তাহলে না ঘর কা না ঘাট কা? সাংবাদিকের প্রশ্নে মুকুল বললেন

 

 

সায়গলের হাতে টাকা দিয়ে আসতেন, প্রাণসংশয়ে ভুগছেন গোলাম রসুল

২০২১ সালে করোনায় মৃত্যু হয় বিধায়ক লিটনের। গোলাম রসুলের দাবি তিনি যেহেতু টাকা নিয়েছিলেন, তাই অনেকেই চাকরি না পেয়ে তাঁর ওপর চড়াও হন। প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে বলে Tv9 বাংলাকে জানিয়েছেন তিনি। তাই আতঙ্কে রয়েছেন। গোলাম আরও জানিয়েছেন, বোলপুরের নীচুপট্টিতে সায়গলের হাতে তিনি নিজে টাকা দিয়ে এসেছেন। আর বিধায়কের স্ত্রী? তাঁর স্পষ্ট জবাব, বিধায়কের মৃত্যু হয়েছে। তাই এ ব্যাপারে কিছু বলতে পারবেন না তিনি।

গোলামের দাবি, ইতিমধ্যেই দলকে এ ব্যাপারে জানিয়েছেন তিনি। স্থানীয় নেতাদের জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ গোলামের। তিনি আরও জানিয়েছেন, পুলিশ সুপার থেকে ইডি, সিবিআই, সব জায়গাতেই এই চাকরি বিক্রির কথা চিঠি দিয়ে জানিয়েছেন গোলাম।

Related Articles

Back to top button