স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগের পরই অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা সিবিআইয়ের, তল্লাশি দিল্লির অফিসে

নয়া দিল্লি: অক্সফাম ইন্ডিয়ার (Oxfam India) বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের (CBI)। বিদেশি বিনিয়োগ আইন (Foreign Contribution Regulation Act)লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এই আন্তর্জাতিক সংস্থার বিরুদ্ধে। বুধবার অক্সফাম ইন্ডিয়ার নয়া দিল্লির অফিসেও তল্লাশি অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। সম্প্রতিই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) তরফে অক্সফাম সংস্থার ভারতীয় শাখার বিরুদ্ধে বিদেশি বিনিয়োগ আইন লঙ্ঘন করার অভিযোগের তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রের এই নির্দেশ আসার পরই অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল সিবিআই।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে অভিযোগ আনা হয়েছিল অক্সফাম সংস্থার বিরুদ্ধে, তাও সিবিআইয়ের এফআইআরে সামিল করা হয়েছে। এফআইআরে উল্লেখ করা হয়েছে, অক্সফাম ইন্ডিয়ার বিদেশি বিনিয়োগের রেজিস্ট্রেশন, যা এফসিআরএ রেজিস্ট্রেশন হিসাবে পরিচিত, তা বাজেয়াপ্ত করার পরও আইন লঙ্ঘন করে ঘুরপথে বিনিয়োগ করার পরিকল্পনা করা হয়েছিল।
লক্ষাধিক টাকার ঋণ এখনও বাকি, শেখ সুফিয়ানের ‘সাধের’ জাহাজ বাড়ি কি নিলাম করবে ব্যাঙ্ক?
সিবিআইয়ের অভিযোগে উল্লেখ করা হয়েছে, অক্সফাম ইন্ডিয়া ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা না পড়ে, সরাসরি ফরেন কন্ট্রিবিউশন ইউটিলাইজেশন অ্যাকাউন্টে দেড় কোটি টাকা ঢুকেছিল। ২০১৯-২০ সালেও বিদেশি বিনিয়োগের আইন লঙ্ঘন করে অক্সফাম ইন্ডিয়া সেন্টার ফর পলিসি রিসার্চ সংস্থাকে ১২.৭১ লক্ষ টাকা দিয়েছিল। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, গত বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অক্সফাম ইন্ডিয়ার লাইসেন্স বাজেয়াপ্ত করে নেওয়া হয়। তারপরও সংস্থার তরফে যে আর্থিক লেনদেন চালু রাখা হয়েছিল, তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করা হয়েছে ও তদন্ত শুরু করা হয়েছে। বিদেশের বিভিন্ন সরকার ও বিদেশি প্রতিষ্ঠানগুলির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের উপরে চাপ সৃষ্টি করার পরিকল্পনা ছিল অক্সফামের, এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।


