‘২০২৪ কেন, আমি তো এখনই মুখ্যমন্ত্রী হতে চাই’, গদি পেতেই কি দল বদলাবেন অজিত পওয়ার?

মুম্বই: দলবদলের জল্পনা তুঙ্গে। তারই মধ্যে বিস্ফোরক দাবি এনসিপি নেতা অজিত পওয়ারের । শুক্রবার তিনি বললেন. “২০২৪ সাল কেন, আমি তো এখনও মুখ্যমন্ত্রী হতে চাই”। বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে জল্পনা, দল বদলাতে পারেন এনসিপি নেতা অজিত পওয়ার। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ছেড়ে তিনি যোগ দিতে পারেন বিজেপি-তে। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বলেও জল্পনা শোনা যায়। যদিও যাবতীয় দাবিই অস্বীকার করেছিলেন তিনি। শুক্রবার অজিত পওয়ারকে আসন্ন ২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বড় কোনও পদ আশা করছেন কি না, প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, “২০২৪ কেন, আমি তো এখনই মুখ্য়মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি।”
মহা বিকাশ আগাড়ি জোট নিয়ে প্রশ্ন করা হলে অজিত পওয়ার বলেন, “আমরা ধর্মনিরপেক্ষতা ও প্রগতীশীল হওয়ার কথা বলতাম। কিন্তু ২০১৯ সালে আমরা, কংগ্রেস ও এনসিপি শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করি। আজ আমরা ধর্মনিরপেক্ষতা থেকে সরে এসেছি, কারণ শিবসেনা একটা হিন্দুত্ববাদী দল।”
প্রসঙ্গত, গত বছরই রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যায় মহারাষ্ট্র। শিবসেনার অন্দরেই গোষ্ঠী কোন্দল শুরু হয়। মুখ্য়মন্ত্রী তথা শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন একনাথ শিন্ডে। তার সঙ্গে আরও ৪০ জন বিধায়ক বিজেপির সঙ্গে হাত মিলিয়ে জোট গঠন করে। পতন হয় মহা বিকাশ আগাড়ি সরকারের, তৈরি হয় নতুন সরকার।
‘আমার দলের কেউ কেউ…’, ১৫ ঘণ্টা তল্লাশি শেষে তৃণমূলেরই চক্রান্তের কথা তাপস সাহার মুখে
সরকারের পতনের পরও জোট অক্ষুণ্ণ রয়েছে বলে শিবসেনা-এনসিপির তরফে বার্তা দেওয়া হলেও, সম্প্রতিই জল্পনা শোনা যায় অজিত পওয়ার এনসিপি ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন। তবে তিনি যাবতীয় উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু চলতি সপ্তাহেই এনসিপির বৈঠকেও যোগ না দেওয়ায় সেই জল্পনা ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে।


