‘৩৭০ অনুচ্ছেদ-সিএএ নিয়ে যা করেছি, তারপরও প্রধানমন্ত্রী প্রতিশোধ নেননি…’, ফের মোদী-স্তূতি আজাদের মুখে

কাশ্মীর: কংগ্রেসে থাকাকালীনই প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Narendra Modi)। দল ছাড়ার পরও একাধিকবার তাঁর মুখে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর প্রশংসা। এবার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহার, তাঁর বিরোধিতা করা ও তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীর প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। মঙ্গলবার তিনি বলেন, “৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহার, নাগরিকত্ব সংশোধনী আইন বা হিজাব বিতর্ক নিয়ে হাজারো বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী উদারতা দেখিয়েছিলেন।”
নিজের আত্মজীবনী ‘আজাদ’-র উদ্বোধনে প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা প্রবীণ রাজনীতিবিদ গুলাম নবি আজাদ বলেন, “আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দেওয়া উচিত। আমি যা করেছি ওনার সঙ্গে, তারপরও উনি উদারতার পরিচয় দিয়েছেন। বিরোধী দলনেতা হিসাবে আমি কোনও ইস্যুতেই ওনাকে আক্রমণ করতে ছাড়িনি, তা সে ৩৭০ অনুচ্ছেদ হোক বা সিএএ কিংবা হিজাব, আমি নিশ্চিত করেছিলাম যে কিছু বিল যেন কোনওভাবে পেশ না করা হয়। আমার ওনাকে কৃতিত্ব দেওয়া উচিত যে এরপরও উনি কোনও প্রতিশোধ নেননি, বরং রাষ্ট্রনায়কের মতো ব্য়বহার করেছেন।”
ভোটের আগে বড় ‘মাইলেজ’, বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেতা সুদীপ
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের প্রাক্তন দল কংগ্রেস ও তার প্রাক্তন সতীর্থদের নিয়েও মুখ খোলেন। রাজ্যসভায় তাঁর শেষদিনে প্রধানমন্ত্রী মোদী যে আবেগতাড়িত বক্তব্য রেখেছিলেন, তা নিয়ে কংগ্রেস নেতারা যেভাবে তাঁকে আক্রমণ করেছিলেন, তার সমালোচনাও করেন গুলাম নবি আজাদ।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন প্রবীণ নেতা গুলাম নবি আজাদ। কংগ্রেসের অন্দরেই বিক্ষুব্ধ নেতাদের গোষ্ঠী, যারা দলনেত্রী সনিয়া গান্ধীকে যাবতীয় ক্ষোভ জানিয়ে চিঠি লিখেছিলেন, তাদের মধ্যেও অন্যতম ছিলেন গুলাম নবি আজাদ। গত বছরের মাঝামাঝি সময়ই তিনি কংগ্রেসের সঙ্গে ৫০ বছরের সম্পর্ক ছিন্ন করেন এবং নিজের দল ডেমোক্রাটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি তৈরি করেন। সেই সময়ও তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদীকে তিনি ‘ক্রুর’ ব্যক্তি বলেই মনে করতেন, কিন্তু উপত্য়কায় একটি সন্ত্রাসবাদের ঘটনায় প্রধানমন্ত্রীর ফোন পেয়ে সেই ধারণা বদলে গিয়েছিল।



