তৃণমূলের জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয়
তৃণমূলে আরও দায়িত্ব বাড়ল বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়র (Babul thanks Mamata)। এ বার থেকে দলের জাতীয় মুখপাত্র হিসেবে দেখা যাবে তাঁকে (TMC national spokesperson)। বাবুল ছাড়াও এই পদের দায়িত্ব পেয়েছেন মেঘালয়ের দায়িত্বে থাকা মুকুল সাংমা (Mukul Sangma) ও প্রাক্তন বিজেপি সাংসদ-ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)।
নয়া দায়িত্ব পেয়েই বাবুল সুপ্রিয় ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ”আমার আন্তরিক কৃতজ্ঞতা মাননীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । তৃণমূলের জাতীয় মুখপাত্রদের অসাধারণ দলে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য । আমার উপর যে দায়িত্ব দেওয়া হল, তা পালন করার জন্য আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ।”
2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট মেটার কয়েক মাসের মধ্যেই, গত 18 সেপ্টেম্বর আচমকাই তৃণমূলে যোগ দিয়েছিলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা মোদি সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি । তারপর তাঁকে দেখা যায় বালিগঞ্জের বিধায়ক পদের জন্য লড়তে । বালিগঞ্জ বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হন বাবুল সুপ্রিয় । এখনও কোনও মন্ত্রীত্ব পাননি ৷ তবে তৃণমূলের জাতীয় মুখপাত্রের মতো গুরুদায়িত্ব তুলে দেওয়া হল তাঁর কাঁধে ৷



