পূর্ণ বেঞ্চ নির্বাচন কমিশনে গুজরাট নির্বাচনের আগে , অরুণ গোয়েল নতুন কমিশনার হলেন

নিজস্ব সংবাদদাতা : গুজরাটের বিধানসভা নির্বাচনের আগেই নিযুক্ত করা হল দেশের নতুন নির্বাচন কমিশনারকে । কেন্দ্রীয় সূত্রে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অরুণ গোয়েলকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হচ্ছে। ভারী শিল্প সচিব পদ থেকে অবসর গ্রহণের পরদিনই তাঁকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হল। শনিবারই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগের কথা জানানো হয়। এই নিয়ে নির্বাচন কমিশনের তিনটি পদেই কমিশনার নিয়োগ করা হল। নতুন নির্বাচন কমিশনার হিসাবে অরুণ গোয়েল প্রথমেই গুজরাট বিধানসভা নির্বাচনের দায়িত্ব সামলাবেন।
চলতি বছরের আগামী ৩১ ডিসেম্বরই অবসর গ্রহণের কথা ছিল আইএএস অফিসার অরুণ গোয়েলের। তবে তিনি এক মাস আগেই স্বেচ্ছায় অবসরগ্রহণ করেন। তিনি ভারী শিল্প মন্ত্রকের সেক্রেটারি হিসাবে নিযুক্ত ছিলেন। তার জায়গায় এই পদে নিযুক্ত করা হচ্ছে আইএএস অফিসার কামরান রিজ়ভিকে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আনন্দের সঙ্গে অবসরপ্রাপ্ত অরুণ গোয়েলকে জাতীয় নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করলেন”। তিনি কবে থেকে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আগামী ডিসেম্বরের শুরুতেই গুজরাটের বিধানসভা নির্বাচন থাকায়, অরুণ গোয়েল তাঁর আগেই দায়িত্ব গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে।
শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে অরুণ গোয়েলকেও নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করায় জাতীয় নির্বাচন কমিশনে তিনজন কমিশনারই নিযুক্ত করা হল। বিগত ছয় মাস ধরে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে রাজীব কুমার ও নির্বাচন কমিশনার হিসাবে অনুপচন্দ্র পাণ্ডে দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার অরুণ গোয়েলকেও নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করা হল।


