আসানসোল জেলা হাসপাতালে অনুব্রত, বুকে ব্যথা জেরার পরই

নিজস্ব সংবাদদাতা : বুকে ব্যথা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে বীরভূম জেলা তৃণমূল সভাপতি। আসানসোল বিশেষ সংশোধনাগারে অসুস্থ অনুব্রত মণ্ডল। সংশোধনাগারের মেডিক্যাল ওয়ার্ডে তেমন চিকিৎসা পরিকাঠামো নেই, সে কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।জানা যাচ্ছে, শনিবার রাতে অনুব্রত মণ্ডলের বুকে ব্যথা হয়। জেল কর্তৃপক্ষ বিষয়টি জানার পরই দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বারবার তদন্তকারী সংস্থার জেরার মাঝেই জেলে অসুস্থ অনুব্রত। জেল সূত্রে জানা গিয়েছে, জেরার পরই হালকা বুকে ব্যথা অনুভব করছিলেন অনুব্রত। জেলেই তাঁর চিকিৎসার জন্য প্রাথমিক কিছু বন্দোবস্ত প্রথম থেকেই রাখা ছিল। ছিল অক্সিজেন সাপোর্টও। কিন্তু জেল কর্তৃপক্ষ মনে করে, এই সাপোর্টে এখনই অনুব্রতর চিকিৎসা সম্ভব নয়। তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ।
বেলা ১১টার কিছু পর তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালে ঢোকেন অনুব্রত। তাঁকে দৃশ্যত বিধ্বস্ত লাগছিল। সূত্রের খবর. অনুব্রতর ইসিজি করানো হবে। একজন চিকিৎসক, একজন অ্যাটেনডেন্ট রয়েছেন। হাসপাতালের তরফে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে। ১০০ দিন অতিক্রান্ত হয়েছে, তিনি জেলযাপন করছেন। এ কয়েকদিনে তাঁর অন্ততপক্ষে ১০ কেজি ওজন কমেছে।
গরু পাচার মামলায় বারবার জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে নবতম সংযোজন লটারি কেলেঙ্কারি। শনিবারও তাঁকে জেলে নিয়ে জেরা করেন আধিকারিকরা। দীর্ঘক্ষণ জেরা করেন। বিকালে তাঁরা বেরিয়ে গিয়েছিলেন। শনিবারই দৃশ্যত অসুস্থ ছিলেন তিনি। সেসময় জেল কর্তৃপক্ষকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, অনুব্রত কি অসুস্থ? জেলের তরফে বলা হয়েছিল, শীত পড়ছে, তাই বার্ধক্যের কারণে কিছুটা অসুস্থ হতে পারেন অনুব্রত, এমনিতে শারীরিক কোনও সমস্যা নেই। কিন্তু রাতে হলকা বুকে ব্যথা অনুভব করেন অনুব্রত।



