জাতীয়

চিরঘুমের দেশে বিক্রম গোখলে, বি-টাউনে শোকের ছায়া

চয়ন দত্ত : চির বিদায় বিক্রম গোখলে।সুত্রের খবর, বর্ষীয়ান এই অভিনেতা বেশ কিছুদিন ধরেই সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে। প্রথম দিকে ওষুধে সাড়া দিলেও হল না শেষ রক্ষা। বিনোদন জগতে আরও একটি নক্ষত্রপতন হল। অভিনেতা ঠিক কী কারণে অসুস্থ ছিলেন, চিকিৎসকরা তা প্রকাশ্যে আনতে চাননি। পরিবারের মানুষজন তেমনটাই চেয়েছেন, সূত্রের খবর। এই মুহূর্তে তাঁরা পারিবারিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে সকলকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।

একাধিক ছবিতে বিক্রম তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। অমিতাভ বচ্চনের ‘অগ্নিপথ’ থেকে শুরু করে, পরিচালক সঞ্জয় লীলা ভনশালী’র ‘হম দিল দে চুকে সনম’, অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে ‘ভুলভুলাইয়া’। তাঁর শেষ কাজ করা ছবি ‘নিকম্মা’ মুক্তি পায় চলতি বছরেরই জুন মাসে। ছবিটিতে অভিনয় করেছেন অভিমন্যু দাসানি ও শিল্পা শেট্টি।

বর্ষীয়ান অভিনেতা হিন্দি সহ বেশ কিছু মারাঠী ছবিতেও অভিনয় করেছেন দাপটের সঙ্গে। ২০১০ সালে মারাঠী ছবি ‘অনুমতি’র জন্য তিনি জাতীয় পুরস্কারেও সম্মানিত হয়েছেন। মাত্র ৮২ বছর বয়সে ‘বি–টাউনে’র আরও এক নক্ষত্র পতন, শোকের ছায়া চারপাশে।

Related Articles

Back to top button