স্বাস্থ্য ও শিক্ষা

এসএসকেএম আনছে ফুসফুসের ক্যান্সার দ্রুত নির্ণয়ে অত্যাধুনিক যন্ত্র

নিজস্ব সংবাদদাতা : ফুসফুসে দ্রুত এবং আরও নিখুঁতভাবে ক্যান্সার রোগ নির্ণয় করতে অত্যাধুনিক যন্ত্র আসছে এসএসকেএম হাসপাতালে।এন্ডোব্রঙ্কিয়াল আল্ট্রাসাউন্ড ব্রঙ্কোস্কপি (ইবিইউএস) বা ইবাসের সাহায্যে ফুসফুসে সূক্ষাতিসূক্ষ্য ক্যান্সারের উপস্থিতিও ধরা পড়বে। হাসপাতালের পালমোনোলজি বিভাগে এই যন্ত্র বসানো হবে।‌

এবিষয়ে এসএসকেএমের পালমোনোলজি বিভাগের প্রধান ডা: অমিতাভ সেনগুপ্ত বলেন, ‘‌রাজ্যের কোনও হাসপাতালে অত্যাধুনিক এই যন্ত্র নেই। আমাদের হাসপাতালের ডিরেক্টর এবং এমএসভিপি’‌র উদ্যোগে এবং রাজ্য সরকারের সহায়তায় রাজ্যে প্রথম এই যন্ত্র আমরা পেতে চলেছি। আশা করছি আগামী এক মাসের মধ্যেই আমরা এই যন্ত্রের সাহায্যে কাজ শুরু করতে পারব।’‌

কীভাবে কাজ করবে এই যন্ত্র? বিভাগীয় প্রধান বলেন, ‘‌যন্ত্রের সাহায্যে গলায় একটি নল ফুসফুসে পৌঁছে যাবে। নলে থাকবে আল্ট্রাসাউন্ডের ‘‌প্রোব’‌। সাধারণ ব্রঙ্কোস্কোপিতে যেটা ধরা যায় না সেটা অত্যন্ত নিখুঁতভাবে এই যন্ত্রের সাহায্যে ধরা পড়বে। সেইসঙ্গে বায়োপ্সির প্রয়োজনে মাংসও নিয়ে আসা যাবে এই যন্ত্রের সাহায্যে।’‌

ভবিষ্যতে ফুসফুসের ক্যান্সার নির্ণয়ের কাজে কতটা কার্যকরী এবং চিকিৎসার ক্ষেত্রে ইবাসের ভূমিকা প্রসঙ্গে বিভাগীয় প্রধান বলেন, ‘‌দেখা গিয়েছে ৫০ শতাংশ ক্যান্সারের রোগীই দেরি করে আমাদের কাছে আসেন। যার ফলে চিকিৎসা অনেক ক্ষেত্রেই জটিল হয়ে যায়। এই রোগের ক্ষেত্রে যত তাড়াতাড়ি রোগ নির্ণয় হবে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে এবং রোগীর উপকার হবে। যেটা এই ইবাসের মাধ্যমে আমরা করতে পারব।’‌

Related Articles

Back to top button