MY CATAGORYস্বাস্থ্য ও শিক্ষা

সরস্বতী পুজোর কারণে পিছোল জেইই (মেন)২০২৬ এর প্রবেশিকা পরীক্ষা।

২৩ জানুয়ারি যাঁদের জেইই (মেন) পরীক্ষায় বসার কথা ছিল, তাঁদের অন্য একটি দিনে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

চিফ রিপোর্টার: সরস্বতী পুজোর কারণে পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (জেইই মেন)। আগামী ২৩ জানুয়ারি,২০২৬ পরীক্ষা হওয়ার কথা থাকলেও, বিশেষ দিন হওয়ায় সেই সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিল “ন্যাশনাল টেস্টিং এজেন্সি”। কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ জানুয়ারি যাঁদের জেইই (মেন) পরীক্ষায় বসার কথা ছিল, তাঁদের অন্য একটি দিনে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ২৩ জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের কাছ থেকে একাধিক আবেদন ও অনুরোধ জমা পড়েছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিএ স্পষ্ট করেছে, এই পরিবর্তন শুধুমাত্র পশ্চিমবঙ্গের সেই পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য, যাঁদের ওই নির্দিষ্ট দিনে জেইই (মেন) পরীক্ষায় বসার কথা ছিল।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, জেইই (মেন) ২০২৬ সেশন ১-এর জন্য আগে থেকেই যে পরীক্ষার দিনগুলি ঘোষণা করা হয়েছিল, তার মধ্যেই পরীক্ষার্থীদের বিকল্প তারিখ বরাদ্দ করা হবে। অর্থাৎ, ২৩ জানুয়ারির বদলে ঘোষিত সূচির অন্য কোনও দিনে তাঁরা পরীক্ষা দিতে পারবেন।

এই সংক্রান্ত কোনও প্রশ্ন বা সমস্যার জন্য পরীক্ষার্থীদের এনটিএ-এর হেল্পডেস্কে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ই-মেল করা যাবে [email protected] ঠিকানায়। প্রয়োজনে ০১১-৪০৭৫৯০০০ নম্বরেও যোগাযোগ করা যাবে বলে কর্তৃপক্ষ সূত্রের খবর।

উল্লেখ্য, ২৩ জানুয়ারি জেইই (মেন) পরীক্ষার দিন নির্ধারণ ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপড়েনের পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই দিন একদিকে যেমন সরস্বতী পুজো, তেমনই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। ফলে সরকারি ছুটি থাকায় পরীক্ষার দিন পরিবর্তনের দাবি তোলে রাজ্য সরকার। এই বিষয়ে রাজ্য শিক্ষা দফতরের তরফে এনটিএ-কে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছিল।

রাজ্যের বক্তব্য ছিল, সর্বভারতীয় স্তরের কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার দিন নির্ধারণের আগে সংশ্লিষ্ট রাজ্যের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ও সরকারি ছুটির বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। অভিযোগ, সে সব উপেক্ষা করেই একতরফা ভাবে পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল। বুধবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের ওই চিঠির কোনও লিখিত জবাব পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে প্রথমবার জেইই (মেন) ২০২৬-এর পরীক্ষার সূচি প্রকাশ করেছিল এনটিএ। পরে ৯ জানুয়ারি সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। সেই সঙ্গেই প্রকাশিত হয় পরীক্ষার্থীদের ‘এক্সামিনেশন সিটি স্লিপ’। তাতেই স্পষ্ট হয়ে যায়, ২৩ জানুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে কর্তৃপক্ষ। এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়।

এনটিএ-র প্রকাশিত সূচি অনুযায়ী, চলতি বছরের ২১ থেকে ২৯ জানুয়ারির মধ্যে জেইই (মেন) পরীক্ষা আয়োজন করা হচ্ছে।

এর মধ্যে বিই ও বিটেক কোর্সের প্রথম পত্রের পরীক্ষা নির্ধারিত ছিল ২১, ২২, ২৩, ২৪ এবং ২৮ জানুয়ারি। এই সূচির মধ্যে শুধুমাত্র ২৩ জানুয়ারির পরীক্ষাটিই পিছিয়ে দেওয়া হল।

পরীক্ষার্থীদের একাংশের মতে, শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা হলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে রাজ্যের বিশেষ দিনকে সম্মান জানিয়ে পরীক্ষার সূচিতে পরিবর্তনের সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু পরীক্ষার্থী ও অভিভাবক।

Related Articles

Back to top button