কলকাতার পর সেন্ট জেভিয়ার্স, উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য ডি লিট পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা: উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডি লিট উপাধি দিতে চলেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়।
জানা গিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে এই সম্মান দেওয়া হবে। আগামী ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে রাজারহাট ক্যাম্পাসে। তৃণমূল সরকারের আমলেই তৈরি হয়েছিল এই ক্যম্পাসটি। সেখানে এদিন ৭৭০ জন পড়ুয়াকে স্নাতক এবং স্নাতোকত্তর সম্মান জানানো হবে। ওইদিনই মুখ্যমন্ত্রীর মুকুটে জুড়বে এই নয়া পালক।
মমতাকে ডি লিট দিতে চেয়ে চিঠি পাঠানো হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। চিঠি পাওয়ার পর মুখ্যমন্ত্রী সম্মান নিতে রাজি হওয়ায় ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ২০১৮ সালে মমতাকে ডি লিট উপাধি দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।
সরকারি বিশ্ববিদ্যালয়ের পর এই প্রথম কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের থেকে এই সম্মান পেতে চলেছেন মমতা। বর্তমান রাজ্য সরকারের আমলে একাধিক কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে রাজ্যে। এবার উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন মুখ্যমন্ত্রী।


