রাজ্য

মুর্শিদাবাদে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজি

নিজস্ব সংবাদদাতা:‌ নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মুর্শিদাবাদ জেলায় এক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটল।শুক্রবার গভীর রাতে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী হরিহরপাড়া থানা এলাকার রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রওশনারা বিবির মিঞারবাগানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু করে।

এই ঘটনায় কেউ আহত না হলেও ভেঙে যায় পঞ্চায়েত প্রধানের বাড়ির দোকানের শাটার। ক্ষতিগ্রস্থ হয় বাড়ির কিছু আসবাবপত্র। সেই সময়ে বাড়িতে ছিলেন রওশনারার স্বামী হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি জয়নাল শেখ এবং তাঁর ছেলে ও পুত্রবধূ।

জয়নাল জানান, ‘‌আমার স্ত্রী রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেও গত তিন বছর ধরে আমি মিঞারবাগান এলাকায় পরিবার নিয়ে বসবাস করি। শুক্রবার রাতে আমরা যখন ঘুমিয়েছিলাম তখন কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী আমাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে।’‌

তাঁর অভিযোগ, ‘‌গ্রামের তিন পুরনো বাম কর্মীর সঙ্গে আমার দীর্ঘদিনের বিবাদ রয়েছে। তাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।’‌ বোমাবাজির ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হরিহরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

Related Articles

Back to top button