পার্থ-সুবীরেশরা আজ ফের আদালতে , আবারও জেলেই নাকি জামিন?

নিজস্ব সংবাদদাতা : সোমবার ফের আদালতে তোলা হবে পার্থ চট্টোপাধ্যায়কে । শুধু পার্থ নন, এদিন আদালতে হাজিরা দেবেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং, ও প্রসন্ন রায়ও। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে তাঁদের। তাঁরা প্রত্যেকেই প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন।
এদিন সকাল ১০টা ১৫ থেকে সাড়ে ১০টার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য প্রাক্তন শিক্ষাকর্তা ও শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত ‘মিডলম্যান’দের (প্রসন্ন রায়, প্রদীপ সিং) আদালতের পথে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই সংশোধনাগারের বাইরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিন ফের পার্থর জামিনের আবেদন করতে পারেন তাঁর আইনজীবী। এর আগেও জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী। তবে সিবিআই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্থ বা অন্যদের জামিনের বিরোধী। এদিনও সেই বিরোধিতা জারি থাকবে বলেই মনে করা হচ্ছে।
গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পরবর্তীকালে সিবিআই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করে। সোমবারই সিবিআইয়ের মামলার পরিপ্রেক্ষিতেই আদালতে তোলা হবে পার্থ এবং বাকিদের। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এদিন পার্থর সঙ্গে যাঁদের আদালতে তোলা হবে সকলেই কোনও না কোনওভাবে ‘ইন্টারকানেকটেড’। সিবিআই সূত্রে খবর, পার্থকে কেন্দ্রে রেখে সুবীরেশ, এসপি সিনহা কিংবা প্রসন্ন রায়রা একে অপরের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত হয়ে রয়েছেন বলেই তদন্তে উঠে আসছে। সেই যোগসূত্রই আদালতে জোরালভাবে পেশ করতে চায় তদন্তকারী সংস্থা
এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় যেদিন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়, সেদিন সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে ফের হেফাজতে চান পার্থকে। অন্যদিকে পার্থর আইনজীবী দাবি করেন, সিবিআই যে তদন্তের প্রয়োজনে তাঁর মক্কেলের জামিনের বিরোধিতা করছেন এমনটা নয়। তাঁর বক্তব্য ছিল, আটকে রাখতে হবে বলেই আটকে রাখা হচ্ছে পার্থকে। যদিও সিবিআইয়ের বক্তব্য ছিল, এসএসসির গ্রুপ সি মামলা ও নবম দশম শিক্ষক দুর্নীতি মামলার চার্জশিট পেশ করেছে তারা। এই অবস্থায় পার্থকে জামিন দিলে তদন্ত ব্যহত হতে পারে বলে আশঙ্কা তাদের। দু’পক্ষের সওয়াল জবাব শেষে ১৪ দিনের জেল হেফাজত হয় পার্থ ও বাকিদের। এদিন সকলকেই আদালতে তোলা হবে।



