মুখ্যমন্ত্রীর ঘোষণা, আলাদা জেলা ‘সুন্দরবন’

নিজস্ব সংবাদদাতা: সিদ্ধান্ত হয়েছিল আগেই।মঙ্গলবার তার ওপর সিলমোহর পড়ল। রাজ্যে নতুন জেলা হিসেবে সুন্দরবনের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে একটি অনুষ্ঠান মঞ্চ থেকে এই ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সুন্দরবন জেলা করছি এইজন্য যে আপনাদের অনেক দূরে যেতে হয়। মানুষের চিকিৎসার যাতে অসুবিধা না হয় সেজন্য আমি অনেক স্বাস্থ্যকেন্দ্র করছি।’ দুদিনের সুন্দরবন সফরে, এদিন সকালেই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী।
গোসাবা, কুলতলি, বাসন্তী-সহ সুন্দরবনের একটি বড় অংশই পড়ে বারুইপুর পুলিশ জেলায়। আবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা জেলা সদর বারাসতের থেকে অনেকটাই দূরে। ফলে সদরে দরকার পড়লে বসিরহাটের মানুষকে অনেকটাই হ্যাপা পোহাতে হয়। আলাদা করে সুন্দরবন জেলা হওয়াতে একদিকে যেমন প্রশাসনিক কাজে সুবিধা হবে, তেমনই বাসিন্দাদেরও প্রশাসনিক এবং অন্যান্য সরকারি কাজের জন্য অনেক সময় বাঁচবে।



