বিধ্বংসী আগুন আসবাবপত্রের দোকানে, মৃত তিন শিশু সহ ৬ একই পরিবারের

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড একটি ইলেকট্রনিক্স ও আসবাবের দোকানে। এই অগ্নিকাণ্ডে মারা গিয়েছেন একই পরিবারের ৬ জন। যে ভবনে আগুন লাগে তার একদম নীচের তলায় বসবাস করতেন তাঁরা। আগুন লাগার পরই দমকলে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের ১৮ টি ইঞ্জিন এসে পৌঁছোয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের ফিরোজ়াবাদে একটি পরিবারের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স জিনিসপত্রের দোকান রয়েছে। সেই একই বিল্ডিংয়ের নীচের তলায় সেই দোকানের মালিকরা পরিবার নিয়ে থাকেন। প্রথমে দোকানেই আগুন লাগে। তারপর তা গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। দোকান প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে।
এই অগ্নিকাণ্ডে এই পরিবারের ছয় জনের মৃত্যু হয়েছে। পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট আশীষ তিওয়ারি জানিয়েছেন, আগ্রা, মইনপুরী, ইটাহ ও ফিরোজ়াবাদ থেকে ১৮ টি দমকল ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিকে ১২ টি পুলিশ স্টেশন থেকে পুলিশ বাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয়।
তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধারকাজ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে এই উদ্ধারকাজ চলে। এসএসপি জানিয়েছেন, জায়গাটা ঘিঞ্জি হওয়ায় তাঁদের উদ্ধারকাজে একটু সমস্যাই হচ্ছিল। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। তার মধ্যে তিনজনই শিশু বলে জানা গিয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন। সরকারের তরফে জানানো হয়েছে, তিনি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন।


