অধ্যাপক বরখাস্ত মুসলিম ছাত্রকে ‘সন্ত্রাসবাদী’ বলায়

আজকাল ওয়েবডেস্ক: গত শুক্রবার (২৫ নভেম্বর) কর্নাটকের মানিপাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে এক মুসলিম ছাত্রকে ‘সন্ত্রাসবাদী’ বলার জন্য এক অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে।খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, অধ্যাপক যখন শিক্ষার্থীকে ‘সন্ত্রাসবাদী’ বলেন তখন ছাত্রটি এর প্রতিবাদ করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঘটনার সময় অধ্যাপক প্রথমে ওই ছাত্রের নাম জিজ্ঞেস করেন। ছাত্রটি তাঁর নাম বলার পর অধ্যাপক তাঁকে সন্ত্রাসবাদীর সঙ্গে তুলনা করে বলেন, ‘তুমি কাসভের মতো!’ মুম্বইয়ে ২৬/১১ হামলায় ধরা পড়া পাকিস্তানি সন্ত্রাসী আজমল কাসভের সঙ্গে অধ্যাপক ছাত্রটিকে তুলনা করেন।
অধ্যাপকের কাছ থেকে এ কথা শোনার পর শিক্ষার্থী এর প্রতিবাদ করে বলেন, ‘আপনি এ ধরনের কথা কীভাবে বলেন?’ এর জবাবে ওই অধ্যাপক জানান, তিনি কৌতুক করে এ কথা বলেছেন। এ কথার প্রতিবাদ করে ওই শিক্ষার্থী তখন জানান, তাঁকে সন্ত্রাসবাদীর সঙ্গে তুলনা করে তিনি তাঁর ধর্মের অবমাননা করেছেন।
শিক্ষার্থীটি বলেন, ‘২৬/১১ কোনও কৌতুক ছিল না। এ দেশে মুসলিম হিসেবে প্রতিদিন এসবের মুখোমুখি হওয়া কৌতুকের বিষয় নয়, স্যার। আপনি আমার ধর্ম নিয়ে কৌতুক করতে পারেন না, বিশেষ করে এভাবে অবমাননাকর হিসেবে।’এরপর অধ্যাপক তাঁর কথার জন্য ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, ‘তুমি আমার ছেলের মতো।’ তখন শিক্ষার্থী বলেন, ‘আপনি কি আপনার ছেলের সঙ্গে এভাবে কথা বলেন? তাঁকে কি আপনি সন্ত্রাসবাদী নামে ডাকেন?’এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অধ্যাপককে বরখাস্ত করা হয়। এছাড়া পুরো ঘটনার তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীকে কাউন্সেলিং করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।


