রাজ্য

কর্মসূচি চলবে ডিসেম্বর জুড়ে , ‘বেইমানমুক্ত মেদিনীপুর’ গড়ার ডাক অভিষেকের

নিজস্ব সংবাদদাতা: ডিসেম্বর মাসে বড় কোনও রাজনৈতিক ঘটনার পূর্বাভাস দিয়ে আসছিল বিজেপি। সূত্রের খবর, সাম্প্রতিক অতীতে মন্ত্রিসভার এক বৈঠকেও মুখ্যমন্ত্রী ডিসেম্বর মাস নিয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এবার গোটা ডিসেম্বর মাস জুড়ে তৃণমূলের নীচু তলার কর্মী ও সমর্থকদের জন্য কর্মসূচি বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার কাঁথিতে শান্তিকুঞ্জের থেকে ঢিল ছোড়া দূরত্বে সভা ছিল অভিষেকের। সেখান থেকেই দলীয় কর্মীদের বার্তা দিলেন, বিশ্বাসঘাতক ও বেইমানমুক্ত মেদিনীপুর গঠনের। বললেন, “আগামিকাল সকাল থেকে মেদিনীপুরের প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি ব্লকে-বুথে মিছিল-মিটিং আয়োজন করুন। ডিসেম্বর মাস জুড়ে আগামিকাল থেকে শুরু হবে বিশ্বাসঘাতক ও বেইমানমুক্ত মেদিনীপুর।”

ডিসেম্বর মাসের সঙ্গে মেদিনীপুরের যে ঐতিহাসিক যোগ রয়েছে, সেই কথাও এদিন বৈঠক থেকে স্মরণ করিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ডিসেম্বর মাসেই যে তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল, সেই কথা উল্লেখ করে নন্দীগ্রামের বিধায়ককে খোঁচা দেন অভিষেক। যদিও সরাসরি কারও নাম করেননি অভিষেক। বললেন, “মেদিনীপুরের মান-সম্মান, ঐতিহ্য, ভূলুণ্ঠিত করে নিজেদের পিঠ বাঁচাতে বিজেপির নেতাদের পায়ে ধরে এই ডিসেম্বর মাসেই যাঁরা বিজেপিতে যোগ দিয়েছিল, তাঁদের মেদিনীপুরের মানুষ ক্ষমা করবে না।”

শুভেন্দু অধিকারীর নাম না করে অভিষেক বলেন, “কথায় কথায় বলে আমার পরিবার তো ব্রিটিশ তাড়িয়েছে। যাঁর পরিবার ব্রিটিশ তাড়ায়, তিনি অমিত শাহর পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগ দেবেন? আপনারা কি চেয়েছিলেন যাঁরা ব্রিটিশদের দালালি করেছিল, মেদিনীপুরের একজন সন্তান তাঁদের পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগ দিক?”

প্রসঙ্গত, অতীতে বার বার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে আক্রমণ – প্রতি আক্রমণের পালা দেখা গিয়েছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে কেউই সরাসরি কারও নাম করেননি। এদিনও কার্যত নাম না করেই আক্রমণ শানালেন শান্তিকুঞ্জের সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে।

এদিকে শনিবার যেখানে অভিষেকের সভা হচ্ছে, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে শান্তিকুঞ্জ। এখন দেখার অভিষেকের এই মন্তব্যের পর শান্তিকুঞ্জের জনপ্রতিনিধিরা কোন রণকৌশল অবলম্বন করেন।

Related Articles

Back to top button