‘সন্তান এক থেকে দুই …’, আবেদন স্ট্যালিনের নয়া দম্পতিদের কাছে

নিজস্ব সংবাদদাতা: নয়া দম্পতিদের জন্ম নিয়ন্ত্রণের অনুরোধ করলেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তিনি নয়া দম্পতিদের কাছে এক বা দুই সন্তানে সীমাবদ্ধ থাকার আর্জি জানিয়েছেন। তিনি রবিবার বলেন, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সংক্রান্ত বিধি কার্যকর করার জন্য কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার।
তামিল নাড়ুর ডিপার্টমেন্ট অব হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্য়ারিটেবল এন্ডোমেন্টসের তরফে গতকাল চেন্নাইতে গণ বিবাহের আয়োজন করা হয়েছিল। এই বিবাহ অনুষ্ঠানে চেন্নাইতে প্রায় ৩১ জন যুগল ও সারা রাজ্যে ২১৭ জন যুগলের বিয়ে দেওয়া হয়। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এই অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘নয়া দম্পতিদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে। এক বা দুই সন্তানের বেশি সন্তান নেবেন না।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকার পরিবার পরিকল্পনায় এবং সচেতনা প্রচার অভিযানে যথেচ্ছ ব্যয় করছে…দেশের ও পরিবারের ভালোর জন্য এগুলি করা হচ্ছে।’
প্রসঙ্গত, কেন্দ্রের বিজেপি সরকার এই বছরের প্রথম দিকেই জানিয়েছে, কোনও দম্পতির সন্তান ধারণের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার জন্য আইন আনার প্রয়োজন নেই। কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে জনসচেতনতা অভিযান ভালভাবে কাজ করছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও সাংসদ রবি কিষাণ জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আইনের দাবি জানিয়েছেন। কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পওয়ার গত জুলাই মাসে রাজ্যসভায় জানিয়েছিলেন, সরকার নিজের নিরলস প্রচেষ্টার মাধ্যমেই ২০৪৫ সালের মধ্যে জনসংখ্যা স্থিতিশীল করতে পারবে।


