আর্জি রাখল না ফিফা, বিশ্বকাপের ফাইনালে এই কাজ করতে পারবেন না জ়েলেনস্কি

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের প্রেসিডেন্টের আর্জি খারিজ করে দিল ফিফা। আজ, রবিবার বিশ্বকাপের ফাইনাল। রাতেই মুখোমুখি হবে আর্জেন্তিনা ও ফ্রান্স। বিশ্বকাপের ফাইনালের দিকে যেহেতু গোটা বিশ্বের নজর থাকবে, তাই বিশ্বকাপের মঞ্চ থেকেই শান্তির বার্তা দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি । কিন্তু সেই আর্জি খারিজ করে দিল ফিফা।
জানা গিয়েছে, কাতার স্টেডিয়ামে উপস্থিত গোটা বিশ্বের ফুটবল ফ্যানদের উদ্দেশে ভিডিয়োবার্তা রাখতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের পরিপ্রেক্ষিতেই বিশ্বের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে চান তিনি, এই আর্জিই জানিয়েছিলেন। তবে শনিবার রাতেই জানা যায়, জ়েলেনস্কির আবেদন খারিজ করে দিয়েছে বিশ্বকাপের আয়োজক ফিফা। তবে সূত্রের খবর, এখনও ফিফার সঙ্গে কথা চলছে ইউক্রেনের প্রেসিডেন্টের।
উল্লেখ্য, ফিফার বিশ্বকাপের মঞ্চই প্রথম নয়, এর আগে একাধিক আন্তর্জাতিক মঞ্চেও যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা ও সাহায্যের আর্জি জানিয়েছিলেন। ইজরায়েলের সংসদ থেকে শুরু করে মার্কিন আইনসভা, গ্র্য়ামির মঞ্চ, কান ফিল্ম ফেস্টিভাল ও জি-২০ সম্মেলনে শান্তির বার্তা দিয়ে বক্তব্য রেখেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।


